নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় দোকান ভাড়া চাওয়াকে কেন্দ্র করে মো. জাহাঙ্গীর ভূঁইয়া (৫৭) নামে এক দোকান মালিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে।বুধবার (৩০ জুলাই) সকালে উপজেলার মাহমুদপুর ইউনিয়নে এ মর্মান্তিক ঘটনা ঘটে।নিহত জাহাঙ্গীর ভূঁইয়া স্থানীয় মৃত তালেব আলী ভূঁইয়ার ছেলে।
নিহতের পরিবারের অভিযোগ, মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোতা মেম্বার ও তার সহযোগীরা বকেয়া ভাড়া চাইতে আসা জাহাঙ্গীরকে দলীয় কার্যালয়ে নিয়ে গিয়ে মারধর করে হত্যা করেন।
জাহাঙ্গীরের ছেলে রাসেল বলেন, “সকাল ৯টার দিকে বাবা ভাড়া চাইতে গেলে তোতা মেম্বার, তার ছেলে খোকন, রাসেল, আলম ও সাদ্দামসহ কয়েকজন মিলে তাকে ধরে পার্টি অফিসে নিয়ে যায় এবং সেখানে পিটিয়ে গুরুতর আহত করে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
স্থানীয় সূত্রে জানা যায়, ৫ আগস্টের পর জাহাঙ্গীরের দোকানটি বিএনপির কার্যালয় হিসেবে ভাড়া নেন তোতা মেম্বার।
দোকান ভাড়া চাওয়ায় উত্তেজিত হয়ে তিনি বলেন, “বিএনপির অফিসের কীসের ভাড়া?” — এরপর উত্তপ্ত বাক্য বিনিময়ের একপর্যায়ে জাহাঙ্গীরকে ধরে নিয়ে মারধর করা হয়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, “দোকান ভাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন।”