প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কলেজে চালু হলো মানবিক শাখা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ জুলাই, ২০২৫

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী কেবি কলেজে দীর্ঘ ৩৯ বছর পর চালু হলো মানবিক শাখা। নতুন এই শাখায় শুরুতেই ২০০টি আসন বরাদ্দ দেওয়া হয়েছে। ২০২৫ সালের ৩০ জুলাই (বুধবার) সকাল থেকে আনুষ্ঠানিকভাবে ভর্তি কার্যক্রম শুরু হয়, যা ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে সৃষ্টি হয় ব্যাপক উৎসাহ ও আনন্দ।

জানা গেছে, গত ২৭ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি কলেজ-৬ শাখার উপসচিব কাজী নূরুল ইসলাম স্বাক্ষরিত অনুমতিপত্রে ৬টি শর্ত সাপেক্ষে মানবিক শাখা খোলার অনুমোদন দেওয়া হয়। কলেজ কর্তৃপক্ষ ২৯ জুলাই ডাকযোগে সেই অনুমতিপত্র হাতে পায়।

উল্লেখ্য, ১৯৮৫ সালের ২৩ সেপ্টেম্বর কেবি কলেজ প্রতিষ্ঠিত হয়। শুরু থেকেই এখানে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখা চালু ছিল, তবে মানবিক শাখা না থাকায় অনেক শিক্ষার্থী প্রতিবছর অন্য প্রতিষ্ঠানে যেতে বাধ্য হতো। ফলে এক ধরনের বঞ্চনার মধ্যেই ছিল ময়মনসিংহ অঞ্চলের শিক্ষার্থীরা।

কলেজের অধ্যক্ষ ড. এম আতাউর রহমান বলেন, “মানবিক শাখা না থাকায় আমরা সব সময় একটি অপূর্ণতা অনুভব করতাম। তিন মাস আগে আমরা সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করি। সরকার মানবিক শাখা চালুর অনুমতি দিয়ে আমাদের পূর্ণতা দিয়েছে। এই শাখার চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা উপকৃত হবেন।”

বর্তমানে কেবি কলেজে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখায় প্রায় ১,৭০০ শিক্ষার্থী রয়েছে। সেখানে পাঠদান করছেন ৩১ জন শিক্ষক এবং প্রশাসনিক দায়িত্বে রয়েছেন ৭ জন কর্মকর্তা ও ১৯ জন কর্মচারী।

অধ্যক্ষ আরও জানান, নতুন শাখা চালুর ফলে শিক্ষার্থী বাড়বে, এবং সে অনুযায়ী শিক্ষক নিয়োগ ও অবকাঠামো উন্নয়নেও পদক্ষেপ নেওয়া হবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা