ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ২০২৫-এর তফসিল ঘোষণা করেছে ডাকসু নির্বাচন কমিশন। নির্বাচনের দিন ধার্য করা হয়েছে ৯ সেপ্টেম্বর। আজ মঙ্গলবার (২৯ জুলাই) বিকাল ৪টায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে তফসিল ঘোষণা করেন ডাকসু প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মাদ জসীম উদ্দিন।
ডাকসুর এই তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে ছাত্রদল। বিকেলে ঢাকা কলেজ ছাত্রদল আয়োজিত ‘ছাত্রজনতার জাগরণের জুলাই’ শীর্ষক এক আলোচনা সভায় কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এক প্রতিক্রিয়ায় এই স্বাগত জানান।
তিনি বলেন, “আমরা ডাকসু নির্বাচনের আগে ৪০টি সুপারিশ দিয়েছিলাম, তার মধ্যে মাত্র ৪টি আমলে নেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের পক্ষ থেকে ৩৭৭টি সংস্কার প্রস্তাব দেওয়া হলেও সেখান থেকে মাত্র ১ শতাংশ বিবেচনায় আনা হয়েছে। ফ্যাসিবাদ টিকিয়ে রাখতে যারা খুনি হাসিনার পক্ষে স্লোগান দিয়েছিল, তাদের কেউই বিচারের আওতায় আসেনি।”
তিনি আরও দাবি করেন, গত ১৭ বছরে ঢাবির কোনো হলে ছাত্রদলের নেতাকর্মীরা টিকে থাকতে পারেনি। এমনকি তারেক রহমানের ফেসবুক পেজে লাইক দেওয়ার কারণেও ছাত্রদলের কর্মীদের হল থেকে বের করে দেওয়া হয়েছে।
তফসিল ঘোষণার পর সাংবাদিকদের প্রতিক্রিয়ায় নাছির আরও বলেন, “যারা জুলাই-আগস্টে ছাত্রলীগের নামে সহিংসতায় জড়িত ছিল, তারা আজও হলে আছে। তাদের বিচার হয়নি, বরং প্রশাসন তাদের আড়াল করছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরাও খুনি হাসিনার পক্ষে মিছিল করেছে—তাদের বিরুদ্ধেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তা সত্ত্বেও আমরা এই তফসিলকে স্বাগত জানাচ্ছি।”
ডাকসু নির্বাচন ঘিরে ছাত্র রাজনীতিতে আবারও উত্তাপ ছড়িয়ে পড়েছে। ছাত্রদলের পক্ষ থেকে এমন বক্তব্য ডাকসুর সুষ্ঠু নির্বাচন ঘিরে আরও নানা বিতর্ককে সামনে নিয়ে আসছে।