প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দীর্ঘদিন পর ডাকসু ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ জুলাই, ২০২৫

দীর্ঘদিন স্থবির থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক সংবাদ সম্মেলনে এই তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনের চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দীন।

তফসিল অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জসীম উদ্দীন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামীকাল ৩০ জুলাই খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। আপত্তি জানানোর শেষ তারিখ ৬ আগস্ট এবং চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ১১ আগস্ট। মনোনয়নপত্র বিতরণ শুরু হবে ১২ আগস্ট, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় ১৯ আগস্ট, যাচাই-বাছাই ২০ আগস্ট এবং প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ হবে ২১ আগস্ট। মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা ২৫ আগস্ট এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে ২৬ আগস্ট বিকেল ৪টায়।

নির্বাচনের জন্য এবারই প্রথম ছয়টি ভোটকেন্দ্র নির্ধারণ করে হলভিত্তিক ভোটার ভাগ করে দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনার অধ্যাপক গোলাম রাব্বানী জানান, কেন্দ্রগুলো হলো: কার্জন হল কেন্দ্র: ড. মুহম্মদ শহীদুল্লাহ, অমর একুশে ও ফজলুল হক হল শারীরিক শিক্ষাকেন্দ্র: জগন্নাথ, শহীদ সার্জেন্ট জহুরুল হক ও সলিমুল্লাহ মুসলিম হল ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি): রোকেয়া, শামসুন নাহার ও সুফিয়া কামাল হল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব: বাংলাদেশ-কুয়েত মৈত্রী ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল সিনেট ভবন কেন্দ্র: স্যার এ এফ রহমান, হাজী মুহম্মদ মহসীন ও বিজয় একাত্তর হল উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র: মাস্টার দা সূর্য সেন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান, শেখ মুজিবুর রহমান ও কবি জসীম উদ্দীন হল

বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে গুরুত্বপূর্ণ এই নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। নির্বাচন কমিশন স্বচ্ছ ও শান্তিপূর্ণ ভোট গ্রহণের আশ্বাস দিয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা