রাজধানীর ফার্মগেটে এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলারে ধাক্কা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) একটি দোতলা বাস। মঙ্গলবার (২৯ জুলাই) এ দুর্ঘটনা ঘটে। এতে একজন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।
ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, বাসটি এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্পে ধাক্কা খাওয়ার পর এর দোতলার সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় আতঙ্কিত যাত্রীদের অনেককে দোতলা থেকে লাফ দিয়ে নিচে নামার চেষ্টা করতে দেখা যায়।
বিষয়টি নিশ্চিত করে পুলিশের তেজগাঁও অঞ্চলের ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার অনীশ কীর্ত্তনীয়া বলেন, “একটি বিআরটিসি বাস এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্পে ধাক্কা দেয়। এতে একজন আহত হয়েছেন।”
দুর্ঘটনার কারণ ও চালকের অসাবধানতা নিয়ে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।