প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

এনসিপির পদযাত্রায় টাঙ্গাইলে ৯ শতাধিক পুলিশ মোতায়ন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ জুলাই, ২০২৫

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে মঙ্গলবার (২৯ জুলাই) টাঙ্গাইলে ব্যাপক আয়োজনের মাধ্যমে পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হবে। শহরের বিভিন্ন সড়কে ইতোমধ্যেই ব্যানার, ফেস্টুন, তোরণ ও পোস্টারে ছেয়ে গেছে কর্মসূচির প্রচারণা।

এনসিপি নেতারা জানান, সোমবার রাতেই পদযাত্রায় অংশ নিতে টাঙ্গাইলে পৌঁছান আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী। শহরে এসে তারা প্রথমেই মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করে শ্রদ্ধা জানান এবং পরে ভাসানী দরবার হলে কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন।

আজকের পদযাত্রায় আরও যোগ দেবেন কেন্দ্রীয় নেতারা—সারজিস আলম (উত্তরাঞ্চল), হাসনাত আব্দুল্লাহ (দক্ষিণাঞ্চল), সামান্তা শারমিন, তাসনিম জারা, সারোয়ার নিভা ও ডা. তাজনুভা জাবিন।

এনসিপি নেতাদের প্রত্যাশা, শহরের শামসুল হক তোরণ থেকে শুরু হয়ে নিরালা মোড়ের কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শেষ হওয়া এই পদযাত্রায় ২০-২৫ হাজারের বেশি মানুষ অংশ নেবেন। নেতাদের ভাষায়, নিরালা মোড় শুধু একটি মোড় নয়, এটি ফ্যাসীবাদবিরোধী আন্দোলনের ঐতিহাসিক স্মারক। আজকের পদচারণায় সেই ইতিহাস নতুনভাবে জীবন্ত হবে।

এদিকে, কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ সুপার মিজানুর রহমান জানান, এপিবিএনসহ ৯০০ জনের বেশি পুলিশ সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে। শহরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা