প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

মাইলস্টোন কলেজে ক্লাস শুরু আরও এক দফা পিছালো

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৫

উত্তরায় বিমান বিধ্বস্তের ভয়াবহ ঘটনার পর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ক্লাস শুরু আরও এক দফা পেছানো হয়েছে। শিক্ষার্থীদের মানসিক অবস্থা বিবেচনায় রেখে প্রতিষ্ঠানটি আগামী শনিবার (২ আগস্ট) পর্যন্ত সব ধরনের পাঠদান ও শিক্ষা কার্যক্রম স্থগিত রাখার ঘোষণা দিয়েছে।

সোমবার (২৮ জুলাই) বিকেলে গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল। তিনি বলেন, “আমাদের শিক্ষার্থীরা এখনও মানসিকভাবে বিপর্যস্ত। তাদের মানসিক স্থিতি ও নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। সে কারণেই ছুটি আবারও বাড়ানো হয়েছে।” তবে এ সময় প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।

এর আগে ২১ জুলাই বিমান বিধ্বস্তের ঘটনার পরদিনই কলেজ কর্তৃপক্ষ প্রথম দফায় তিন দিনের ছুটি ঘোষণা করে। এরপর দ্বিতীয় দফায় ছুটি বাড়িয়ে ২৭ জুলাই পর্যন্ত করা হয়। আজ তৃতীয় দফায় ছুটি বাড়িয়ে ২ আগস্ট পর্যন্ত করা হলো।

উল্লেখ্য, গত ২১ জুলাই রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন কলেজের একটি ভবনের ওপর বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে তাৎক্ষণিক আগুন ধরে যায় এবং প্রাণঘাতী এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩৪ জনের মৃত্যু ও দেড় শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক আহত হওয়ার খবর পাওয়া গেছে।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা