প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

লাইনে লিকেজঃ চাঁদপুর শহরের অর্ধেক অংশে গাস সরবরাহ বন্ধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৫

চাঁদপুর শহরের একাংশে লাইনে লিকেজের কারণে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। রোববার (২৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে শহরের হাজী মহসিন রোডে গ্যাস লিকেজ থেকে আগুন লাগলে সরবরাহ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এই এলাকায় গ্যাস সরবরাহ করে।

সোমবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে লিকেজ স্থানে সড়ক কেটে মেরামতের জন্য কাজ শুরু হয়েছে।

ব্যবসায়ীরা আরও জানান, কয়েকদিন আগেও ওই স্থান থেকে কয়েক গজ দূরে আগুন লাগে। ওই স্থান মেরামত করার পর আবারও একই ঘটনা ঘটে।

শহরের নতুন বাজার এলাকার বাসিন্দা ফরহাদ উদ্দিন ও মো. বিল্লাল মিজি বলেন, গ্যাস সরবরাহের ক্ষেত্রে লাইনে ত্রুটি ও যান্ত্রিক সমস্যা হতে পারে। কিন্তু গ্যাস কোম্পানি থেকে কোনো সতর্ক বার্তা কিংবা মাইকিং করা হয়নি। যে কারণে আমাদের ভোগান্তিতে পড়তে হয়েছে। খাবার হোটেলে লাইন দিয়ে সকালের নাস্তা ও দুপুরের খাবার কিনতে হয়েছে।

মেরামতের কাজে আসা কোম্পানির সহকারী প্রকৌশলী মো. মিজানুর রহমান বলেন, গ্যাস সরবরাহের এই লাইন অনেক পুরনো। লাইন স্থাপনের পর এই সড়ক কয়েকবার উঁচু করা হয়েছে। যে কারণে মেরামত করতে একটু সময় লাগবে। গতকাল আগুনের সংবাদ পেয়ে শহরের দক্ষিণাঞ্চল অর্থাৎ রেললাইনের দক্ষিণ পাশের গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে এই অংশে থাকা পুরান বাজার অংশের সব গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়।

কোম্পানির কুমিল্লা আঞ্চলিক অফিসের প্রকৌশলী মাহমুদুজ্জামান বলেন, রাতে সংবাদ পেলেও কাজ শুরু করা সম্ভব হয়নি। সকালে কাজ শুরু করেছে। মেরামত কাজ শেষ হলে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে। সাময়িক অসুবিধার জন্য আমরা গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করছি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা