প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই ৩৬ কর্ণার’-এর উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৫

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই ৩৬ কর্ণার’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জুলাই ২০২৫) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের তৃতীয় তলায় এই কর্ণারটি উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম।

‘জুলাই ৩৬ কর্ণার’ নির্মিত হয়েছে জুলাই শহীদদের স্মরণে এবং পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে।

অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ জয়নাল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমদাদুল হুদা, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ বখতিয়ার উদ্দিনসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, “জুলাই ৩৬ কর্ণার শুধু একটি প্রতীকী স্থান নয়, এটি হবে মুক্তচিন্তা, গবেষণা ও সংস্কৃতি চর্চার এক উন্মুক্ত প্ল্যাটফর্ম। এখান থেকে শিক্ষার্থীরা ইতিহাস, সাহিত্য ও স্বাধীনতার চেতনাকে ধারণ করে নিজেদের চিন্তাকে আরও শাণিত করবে।”

বক্তারা জানান, এই কর্ণারটি হবে শিক্ষার্থীদের মুক্ত আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মুক্তিযুদ্ধ-সাহিত্যভিত্তিক নানা কার্যক্রমের প্রাণকেন্দ্র।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ কর্ণারটির ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর জুলাই শহীদদের আত্মার মাগফিরাত ও অসুস্থদের সুস্থতা কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা