প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ, উদ্ধার তৎপরতা চলছে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৫

গাজীপুরের টঙ্গীতে ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে এক নারী নিখোঁজ হয়েছেন। রবিবার (২৭ জুলাই) রাত সোয়া ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিখোঁজ ওই নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। সোমবার (২৮ জুলাই) বেলা ১১টা পর্যন্ত ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

স্থানীয়রা জানান, রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় গাজীপুর সিটি করপোরেশনের একটি ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে যান এক নারী। তাৎক্ষণিকভাবে উদ্ধার চেষ্টাও চালানো হয়, কিন্তু তাকে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম জানান, “ম্যানহোলটির গভীরতা প্রায় ১০ ফুট এবং দিনভর বৃষ্টির কারণে সেটি পানিতে পূর্ণ হয়ে আছে। আমাদের ইউনিট সম্ভাব্য সকল উপায়ে উদ্ধারে কাজ করছে।”

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসকান্দার হাবিবুর রহমান বলেন, “ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়েছে। ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় করে উদ্ধার কার্যক্রম অব্যাহত আছে।”

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা