প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

শহরের বুকে সাততলা বাড়িতে ইয়াবার আস্তানা, ডিবির হানা

হৃদয় আহম্মেদ
প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৫

গোয়েন্দা শাখা (ডিবি-১) পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ তিনজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে উদ্ধার হয়েছে ৪,০১০ পিস ইয়াবা, ১ গ্রাম ভাঙা ইয়াবা ও মাদক বিক্রির নগদ ২৮,০৮০ টাকা।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ জুলাই  জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় জামালপুর পৌরসভা ও সদর থানার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। ডিবি-১ এর একটি চৌকস দল সন্ধ্যা ৬টা ৫ মিনিটে দয়াময়ী মোড়ে অভিযান চালিয়ে শাহরিয়ার আহমেদ শিপু (৩০) ও সাগর রহমান শাকিল (২৫) নামে দুই যুবককে আটক করে। এ সময় শিপুর প্যান্টের পকেট থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, তারা খন্দকার আলী আকবর আজম (৪৬) নামের এক ব্যক্তির কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে খুচরা বিক্রি করত। পরে রাতেই দ্বিতীয় ধাপে বোষপাড়া এলাকার একটি সাততলা ভবনের চতুর্থ তলায় অভিযান চালিয়ে খন্দকার আলী আকবর আজমকে গ্রেফতার করা হয়। তার দেহ ও ফ্ল্যাট তল্লাশি করে উদ্ধার করা হয় ৪,০১০ পিস ইয়াবা, ১ গ্রাম ভাঙা ইয়াবা ও মাদক বিক্রির নগদ ২৮ হাজার ৮০ টাকা। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য প্রায় ১২ লাখ ৩ হাজার টাকা।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর ১০(গ)/৪১ ধারায় জামালপুর সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সোহেল মাহমুদ (পিপিএম) এক প্রেস ব্রিফিংয়ে বলেন, “জামালপুর জেলা পুলিশ মাদক নির্মূলে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করে আসছে। এই সফল অভিযান আমাদের কার্যক্রমকে আরও শক্তিশালী করবে।”

তিনি আরও বলেন, “গোয়েন্দা শাখা ডিবি-১ এর অফিসার ইনচার্জ জনাব নাজমুস সাকিবের নেতৃত্বে এই অভিযান সম্ভব হয়েছে। নিখুঁত পরিকল্পনা, নির্ভুল সময় বাছাই এবং তাৎক্ষণিক সিদ্ধান্তই এই সাফল্য এনেছে।”

জেলা পুলিশের এই সফলতা জেলার সচেতন মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে এবং মাদকবিরোধী অভিযানের গতি আরও বাড়বে বলেই ধারণা করছেন সংশ্লিষ্টরা।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা