“আমার দলের কেউ চাঁদাবাজি করলে আগে আপ্যায়ন করবেন, পরে থানায় দিবেন”—এমন ব্যতিক্রমী বক্তব্য দিয়ে আলোচনায় এলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
রোববার (২৭ জুলাই) বিকেলে শেরপুর শহরের থানার মোড়ে এনসিপির আয়োজিত পথসভায় তিনি বলেন,
“আমরা শ্লোগান দেই না— ‘নেতা তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’। একটা বিপদ আসলে বোঝা যায়, কে রাজপথে থাকে। ভালো সময়ে কর্মীর অভাব হয় না। কিন্তু সংকটের সময় যারা রাজপথে থাকে, তারাই প্রকৃত কর্মী। আমার হাজার হাজার কর্মীর দরকার নেই। আমি চাই সংকট মোকাবেলায় প্রস্তুত কিছু নিবেদিত কর্মী। এদের নিয়েই আমরা রাজনীতি করতে চাই।”
চাঁদাবাজি নিয়ে দলের অবস্থান জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন,
“আপনারা নেতার সঙ্গে সেলফি তুলে ফেসবুকে পোস্ট দিয়ে নেতা হবেন না। নিজেকে প্রমাণ করে নেতা হতে হবে। আমরা খবর পেয়েছি, গতকাল আমাদের এক সহকর্মী চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়েছে। আমি বলছি, যে দলেরই হোক—চাঁদাবাজিকে প্রশ্রয় দেবেন না। আর যদি আমার দলের কেউ হয়, আগে তাকে আপ্যায়ন করে থানায় দিন।”
পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমীনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
পথসভা শুরুর আগে শহরের শহীদ মাহবুব চত্বর থেকে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ বের হয়। পদযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানার মোড়ে এসে শেষ হয়। এতে সাধারণ জনগণ, এনসিপি নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।