জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তিকে কেন্দ্র করে ময়মনসিংহে গ্রাফিতি অঙ্কন ও গণসংগীতের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ জুলাই ২০২৫) দুপুরে নগরীর টাউন হল মোড়ে বিভাগীয় বিএনপির উদ্যোগে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক শাহ মো. ওয়ারেছ আলী মামুন, আবু ওয়াহাব আকন্দ, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন বাবলু, সদস্য সচিব মো. রোকনুজ্জামান সরকার রোকন, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক একেএম মাহবুবুল আলমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব এমরান সালেহ প্রিন্স বলেন,
“আমরা জাতীয়তাবাদী দল ২৪-এর গণঅভ্যুত্থানকে বুকে ধারণ করি। শোক ও বিজয়ের আবহকে একত্র করে আমরা জুলাই-আগস্ট মাসকে স্মরণীয় করে রাখতে এই কর্মসূচি গ্রহণ করেছি।”
তিনি আরও বলেন, “বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে। বহু মত ও পথের রাজনীতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরেই বাংলাদেশে এসেছে। আমরা সেই ধারা বজায় রাখতে চাই।”
এ সময় রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন,
“রাজনীতিতে অশোভন আচরণ, অশ্লীল বাক্য কিংবা চরিত্র হননের সংস্কৃতি গণতান্ত্রিক চর্চার পরিপন্থী। রাজনীতির মাঠে শালীনতা ও পারস্পরিক সম্মানবোধ বজায় রাখা আমাদের দায়িত্ব।”
অনুষ্ঠানে দলীয় সংগীত পরিবেশন ও রাজনৈতিক স্লোগানসম্বলিত গ্রাফিতি অঙ্কনের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়। নেতারা জানান, পুরো জুলাই ও আগস্টজুড়ে ময়মনসিংহসহ বিভিন্ন জেলায় এ ধরনের সৃজনশীল ও গণতান্ত্রিক কার্যক্রম চালিয়ে যাবে বিএনপি।