প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

যুক্তরাষ্ট্র থেকে ২৫টি বোয়িং বিমান কিনবে সরকার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৫

বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের বাণিজ্য প্রতিনিধি দল শুল্ক সমঝোতা ও বাণিজ্য ঘাটতি কমাতে আগামীকাল সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দিচ্ছে।

রোববার (২৭ জুলাই) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানান বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।

যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ঘাটতি কমাতে নতুন করে বোয়িং বিমান কেনার সিদ্ধান্তের কথা জানান তিনি। তিনি বলেন, “আগে আমাদের ১৪টি অর্ডার ছিল, এখন সেটা বাড়িয়ে ২৫টিতে উন্নীত করা হয়েছে। শুল্ক ঘাটতি আরও কমাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, এইসব অর্ডার যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানির সক্ষমতার ভিত্তিতে সরবরাহ করা হবে, যার বাস্তবায়নে এক থেকে দুই বছর সময় লাগতে পারে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রধান বাণিজ্য আলোচনাকারী সংস্থা ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ (ইউএসটিআর) বাংলাদেশকে জানিয়েছে, আগামী ২৯ ও ৩০ জুলাই অনুষ্ঠিত হবে তৃতীয় ও চূড়ান্ত শুল্ক আলোচনা।

বাণিজ্য সচিব বলেন, “গত ২৩ জুলাই আমরা আমাদের অবস্থানপত্র দিয়েছিলাম। এবার সরাসরি বৈঠকে এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে। বৈঠক হবে ওয়াশিংটনে ইউএসটিআরের অফিসে।”

বৈঠকে উপস্থিত থাকবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন ও প্রধান উপদেষ্টার রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান।

শুল্ক আলোচনার পাশাপাশি সয়াবিন ও তুলা আমদানির বিষয়েও অগ্রগতি হয়েছে বলে জানান সচিব। তিনি বলেন, “সয়াবিন যারা বেসরকারিভাবে আমদানি করে, তারা এখন যুক্তরাষ্ট্রের রপ্তানিকারকদের কাছ থেকে আনার চেষ্টা করছে।”

তিনি আরও বলেন, “যখন ইউএসটিআরের সঙ্গে আমরা বসব, তখন বেসরকারি আমদানিকারকরা যুক্তরাষ্ট্রের সয়াবিন রপ্তানিকারকদের সঙ্গে বৈঠক করবে। আশা করছি, তাদের মধ্যেও একটি সমঝোতা হবে।”

তুলা আমদানির বিষয়ে ইতোমধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। সচিব বলেন, “তিন বছর আগে আমরা ১ দশমিক ৮ বিলিয়ন ডলারের তুলা আমদানি করতাম, সেটা এখন কমে গেছে। যদি আগের অবস্থানে ফিরতে পারি, তাহলে সেখান থেকেই প্রায় ১ বিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি কমানো সম্ভব হবে।”

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা