প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

কুমিল্লার ধর্ষণ, নিরাপত্তা নিশ্চিতের অগ্রগতি প্রতিবেদন দাখিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৫

কুমিল্লার মুরাদনগরের একটি গ্রামে দরজা ভেঙে সংঘটিত ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী নারীর নিরাপত্তা ও চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ বাস্তবায়ন সংক্রান্ত একটি প্রতিবেদন হাইকোর্টে দাখিল করেছে কুমিল্লা জেলা পুলিশ।

রোববার (২৭ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই প্রতিবেদন জমা দেন পুলিশ সুপার (এসপি)।

প্রতিবেদনে জানানো হয়েছে, ধর্ষণের শিকার ওই নারী বর্তমানে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সরাসরি তত্ত্বাবধানে রয়েছেন। তার বাড়ি এবং আশপাশের এলাকায় টহল দল নিয়মিত দিনরাত পাহারা দিচ্ছে। ঘটনার পর মোট দুটি মামলা দায়ের হয়েছে এবং উভয় মামলার তদন্ত চলমান রয়েছে।

এর আগে ২২ জুলাই আদালতের আদেশ বাস্তবায়ন না করায় কুমিল্লার পুলিশ সুপারকে তলব করেছিলেন হাইকোর্ট। আগামী ১২ আগস্ট তাকে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, ২৯ জুন কুমিল্লার মুরাদনগরের একটি গ্রামে দরজা ভেঙে এক নারীকে ধর্ষণের ঘটনা ঘটে। এরপর হাইকোর্ট ওই নারীর নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা দিতে নির্দেশ দেন। একই সঙ্গে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় তা ২৪ ঘণ্টার মধ্যে সকল প্ল্যাটফর্ম থেকে অপসারণেরও নির্দেশ দেন আদালত।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা