প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

এক কোটি টাকা দাবি করে ১০ লাখ টাকা চাঁদা আদায়, ফের চাইতে গিয়ে পুলিশের কাছে ধরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৫

সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৬ জুলাই) গুলশান ২ নম্বরের ৮৩ নম্বর রোডের শাম্মী আহমেদের বাসা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- মো. সিয়াম, সাদমান সাদাব, মো. আমিনুল ইসলাম, ইব্রাহীম হোসেন ও আব্দুর রাজ্জাক রিয়াদ।

এ বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির সময় সমন্বয়ক রিয়াদসহ পাঁচজনকে আমরা আটক করি। তারা শাম্মী আহমেদের বাসায় গিয়ে আগে এক কোটি টাকা চাঁদা দাবি করেছিলেন। এর আগে ১০ লাখ টাকাও নিয়েছিলেন। শনিবার তারা বাকি টাকা চাইতে ওই বাসায় গিয়েছিলেন। পরে সেখান থেকে পুলিশকে খবর দিলে আমরা ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে আটক করে থানায় নিয়ে আসি।

থানা পুলিশ সূত্রে জানা যায়, আটকদের মধ্যে আব্দুর রাজ্জাক রিয়াদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্য। এ ছাড়া অন্যরা বৈষম্যবিরোধী আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

এ বিষয়ে ডিএমপির গুলশান জোনের সহকারী কমিশনার (এসি) আলী আহমেদ মাসুদ বলেন, আটকদের মধ্যে আব্দুর রাজ্জাক রিয়াদ জিজ্ঞাসাবাদে দাবি করেছে, চার থেকে পাঁচদিন আগে আওয়ামী লীগ নেত্রী সাবেক এমপি শাম্মী আহম্মেদের গুলশানের বাসায় যান তাকে ধরতে। তখন শাম্মী আহম্মেদের স্বামী তাদের অফার করে তোমরা আমার ছেলের মতো। আমি তোমাদের কিছু এন্টারটেইনমেন্ট করি, আমার বউকে নিয়ে যেও না। ওই সময় রিয়াদকে পাঁচ লাখ টাকা দেন শাম্মী আহম্মেদের স্বামী।

এসি বলেন, রিয়াদের বক্তব্য অনুযায়ী ওই পাঁচলাখ টাকা নেয় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র আন্দোলনৈর যুগ্ম আহ্বায়ক জানে আলম অপু। এ টাকা দিয়ে তার অন্ত্বসত্তা স্ত্রীর চিকিৎসার খরচ মেটায় এবং একটা মোটরসাইকেল কেনে। বাকি টাকা নিতে আজ (শনিবার) ওই বাসায় যায় তারা।

সূত্র বলছে, গুলশানের ৮৩ নম্বর রোডে সংরক্ষিত মহিলা আসনের সাবেক এক এমপি শাম্মি আহম্মেদের বাসা। এর আগে ১৭ জুলাই সকালে সমন্বয়ক পরিচয়ে ওই বাসায় গিয়ে এক কোটি টাকা চাঁদা দাবি করে রিয়াদ। টাকা না দিলে ফ্যাসিস্টের দোসর বলে পুলিশে দেওয়ার ভয় দেখায়। তখন তারা ১০ লাখ টাকা চাঁদা নিয়ে আসে। পরে ফের চাঁদার জন্য গেলে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে।

এদিকে, চাঁদার টাকা নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেছে, ১৭ জুলাই সকাল ১০টার দিকে একটি বাসার গেস্ট রুম থেকে টাকা বুঝে নিচ্ছে দুই যুবক। গুলশান থানা পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে, ভিডিওটি গুলশানের ৮৩ নম্বর রোডের শাম্মি আহম্মেদের বাসার।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা