গায়ের রং নিয়ে কটাক্ষ, দ্বিতীয়বার বিয়ের হুমকি, রান্না নিয়ে অপমান—এইসব সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছিলেন এক গৃহবধূ। ঘটনার ৩০ বছর পর সেই মামলার রায়ে স্বামীকে দোষমুক্ত ঘোষণা করেছে ভারতের মুম্বাই হাইকোর্ট। আদালতের পর্যবেক্ষণ, এসব আচরণ ‘ঘরোয়া কলহ’ হিসেবে গণ্য হবে—ফৌজদারি অপরাধ নয়।
আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, ১৯৯৫ সালের জানুয়ারিতে মহারাষ্ট্রের সাতারা জেলার এক গৃহবধূ কুয়োয় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। মৃত্যুর আগে পরিবারের কাছে তিনি জানিয়েছিলেন, শ্বশুরবাড়িতে শারীরিক ও মানসিকভাবে হেনস্থার কথা। অভিযোগ, স্বামী তার গায়ের রং নিয়ে বারবার অপমান করতেন এবং বলতেন, তিনি তাকে পছন্দ করেন না, তাই আবার বিয়ে করবেন। শ্বশুরও পুত্রবধূর রান্না খারিজ করে দিতেন। বাড়ির অন্যান্য সদস্যরাও নানাভাবে কটাক্ষ করতেন।
এই অভিযোগে ১৯৯৮ সালে স্বামীর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা হয়। সে সময় তার বয়স ছিল মাত্র ২৩ বছর। সাতারার এক নিম্ন আদালত তাকে দোষী সাব্যস্ত করে ৫ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে।
তবে দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে সম্প্রতি মুম্বাই হাইকোর্ট মামলার পুনরায় শুনানি নিয়ে রায় ঘোষণা করেছে। বিচারপতি এসএম মোদক রায়ে বলেন, “বৈবাহিক জীবনে প্রতিটি বিরোধ ফৌজদারি অপরাধ নয়। তখনই তা অপরাধ হিসেবে বিবেচিত হবে, যখন নির্যাতন এতটাই চরম হবে যে, মৃত্যু ছাড়া কোনো বিকল্প থাকবে না।”
তিনি আরও বলেন, “স্বামীর আচরণ অবশ্যই অনাকাঙ্ক্ষিত ও অপমানজনক, তবে আইনের দৃষ্টিতে তা ‘ফৌজদারি হেনস্থা’ নয়। স্ত্রীর আত্মহত্যা এবং স্বামীর কথাবার্তার মধ্যে সরাসরি কারণিক সম্পর্ক প্রমাণিত হয়নি।”
আদালত পর্যবেক্ষণ করেছে, নিম্ন আদালত এ মামলায় আইনের মৌলিক নীতিমালা যথাযথভাবে অনুসরণ করেনি। অভিযোগের ভিত্তিতে আত্মহত্যায় প্ররোচনার সংজ্ঞা পূরণ হয়নি। তাই অভিযুক্ত স্বামীকে মুক্তি দেওয়া হয়েছে।