মেজর লিগ সকারের (এমএলএস) অলস্টার ম্যাচ থেকে নাম প্রত্যাহার করায় এক ম্যাচ নিষেধাজ্ঞার মুখে পড়েছেন ইন্টার মায়ামির দুই তারকা লিওনেল মেসি ও জর্দি আলবা। নিয়ম অনুযায়ী, অলস্টার স্কোয়াডে থাকা কোনো খেলোয়াড় ইনজুরি ছাড়া ম্যাচে অংশ না নিলে তাকে পরবর্তীতে একটি লিগ ম্যাচে নিষিদ্ধ করা হয়।
এনিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ক্লাবটির মালিক জর্জ মাস। তার ভাষায়, “মেসি ও আলবা এই সিদ্ধান্ত মেনে নিতে পারছে না। এটি অত্যন্ত কঠোর সিদ্ধান্ত। ক্লাবের সবারই একই অনুভূতি। তারা শুধু ক্লাবের পরিকল্পনা অনুযায়ী বিশ্রাম নিয়েছে।”
তিনি আরও বলেন, “অলস্টার ম্যাচের ৪৮ ঘণ্টারও কম ব্যবধানে ছয়টি লিগ ম্যাচ ছিল। এটি খেলোয়াড়দের প্রতি অবিচার।” জর্জ মাস মনে করেন, ক্লাবের সর্বোচ্চ স্বার্থে তারা যেটা করেছেন, সেটার জন্য শাস্তি পাওয়া অনুচিত।
গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর লিগের অলস্টার একাদশের মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হয়। ওই ম্যাচে নাম না থাকলেও ফ্লোরিডার ক্লাব ইন্টার মায়ামির হয়ে অনুশীলনে অংশ নিয়েছিলেন মেসি ও আলবা। কিন্তু অলস্টার ম্যাচে না খেলার কারণে এমএলএস নিয়ম মোতাবেক তাদের ঘরের মাঠে এফসি সিনাসিনাতির বিপক্ষে পরবর্তী ম্যাচে দেখা যাবে না।
এ বিষয়ে এমএলএস কমিশনার ডন গারবার বলেন, “আমি জানি, মেসি এই লিগকে ভালোবাসেন এবং অনেক অবদান রেখেছেন। তবে অলস্টার ম্যাচ সংক্রান্ত এই নিয়ম বহুদিন ধরে আছে। কঠিন হলেও নিয়ম বাস্তবায়ন করতে হয়েছে।”
ফিফা ক্লাব বিশ্বকাপের পর টানা সাতটি ম্যাচ খেলেছেন মেসি ও আলবা। ক্লাব চেয়েছিল তাদের বিশ্রাম দিতে, এবং সেই সিদ্ধান্তই বাস্তবায়িত হয়। কিন্তু তার মাশুল দিতে হলো গুরুত্বপূর্ণ লিগ ম্যাচে নিষেধাজ্ঞার মাধ্যমে।
এ ঘটনাকে কেন্দ্র করে বিতর্ক চলছে নিয়মের যৌক্তিকতা নিয়ে। মেসি ও আলবার মতো বিশ্বমানের তারকাদের সামান্য বিশ্রামের সিদ্ধান্ত লিগ ম্যাচে নিষেধাজ্ঞায় পরিণত হওয়ায় অনেকেই বিষয়টিকে অন্যায্য বলছেন।