বিশ্ব ও আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। গত শুক্রবার (২৫ জুলাই) ওয়াশিংটন ডিসিতে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে এই প্রশংসা করা হয়।
এটি ছিল দুই নেতার প্রথম সরাসরি বৈঠক। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা, বাণিজ্য, বিনিয়োগ, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সন্ত্রাসবাদবিরোধী কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
মোহাম্মদ ইসহাক দার বৈঠকে বলেন, “পাকিস্তান একটি পরমাণু শক্তিধর দেশ হলেও আমরা শান্তিতে বিশ্বাস করি। প্রতিবেশীদের সঙ্গে সংঘাত চায় না পাকিস্তান।” তিনি অভিযোগ করেন, ভারত আন্তর্জাতিক পরিমণ্ডলে পাকিস্তানকে বদনাম করতে সন্ত্রাসবাদের আশ্রয় নিচ্ছে।
ভারত-পাকিস্তান দ্বন্দ্ব ও যুদ্ধবিরতির বিষয়েও আলোচনা হয় বৈঠকে। দার বলেন, “যুদ্ধবিরতির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক মিত্রদের মধ্যস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।” তিনি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, পররাষ্ট্রমন্ত্রী রুবিও এবং তাদের টিমের প্রতি কৃতজ্ঞতা জানান।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, “আঞ্চলিক শান্তি ও বিশ্বশান্তিতে পাকিস্তান ইতিবাচক অবদান রেখে চলেছে।” তিনি আরও বলেন, “পাকিস্তান দীর্ঘদিন ধরে শান্তিরক্ষার অংশীদার হয়ে রয়েছে।”
পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন জানিয়েছে, উভয় পক্ষ অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ এবং প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানায়, ইরান কেন্দ্রিক আঞ্চলিক টানাপোড়েনেও পাকিস্তানের মধ্যস্থতামূলক ভূমিকার জন্য তারা কৃতজ্ঞ।
দার বলেন, “পাকিস্তান এখন আমেরিকান ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের জন্য একটি সম্ভাবনাময় গন্তব্য।” তিনি যোগ করেন, “আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি প্রায় অভিন্ন।”