প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বৃদ্ধা রোকেয়া বেগমকে নিজ ঘরে গলা কেটে হত্যা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ জুলাই, ২০২৫

পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ভৈরমপুর গ্রামে নিজ ঘরে গলা কেটে হত্যা করা হয়েছে ৭৫ বছর বয়সী বৃদ্ধা রোকেয়া বেগমকে। বৃহস্পতিবার (২৪ জুলাই) দিবাগত রাতের কোনো এক সময় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,“আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করি। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করছি।”

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৯টার দিকে বৃদ্ধার চাচাতো দেবরের স্ত্রী ঘরের বাইরের বাতি জ্বলতে দেখে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে ঘরের পেছনের দরজা দিয়ে ভিতরে ঢুকে মাঝের ঘরে রোকেয়া বেগমের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন।

তাৎক্ষণিকভাবে তিনি নিহতের নাতি আমিনুল ইসলামকে ফোন দেন। আমিনুল এসে দাদি রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

আমিনুল ইসলাম জানান, “আমি এসে দেখি, পেছনের দরজা খোলা, দাদি মাঝের ঘরে গলাকাটা অবস্থায় পড়ে আছেন। পরে সামনে গিয়ে দেখি জানালাও কাটা। আমার ধারণা, জমি নিয়ে বিরোধের কারণেই এই হত্যাকাণ্ড।”

জানা যায়, স্বামী মোক্তার হাওলাদারের মৃত্যুর পর রোকেয়া বেগম বাড়িতে একাই থাকতেন। বড় ছেলে লিটন আলাদা বাড়িতে, ছোট ছেলে মহসিন থাকেন বিদেশে এবং মেয়ে মাহফুজা স্বামীর বাড়িতে থাকেন।

ওসি রবিউল ইসলাম জানান, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। তবে পুরো ঘটনা তদন্তের পর বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”

এই হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে ভৈরমপুর গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছেন।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা