প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বিমান দুর্ঘটনার পর ১১২ এয়ার ইন্ডিয়া পাইলটের একসঙ্গে ছুটি আবেদন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ জুলাই, ২০২৫

গত জুনে গুজরাটের আহমেদাবাদে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই সামনে এসেছে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য। দুর্ঘটনার মাত্র চারদিন পরই ভারতের জাতীয় বিমান পরিবহন সংস্থা এয়ার ইন্ডিয়ার ১১২ জন সিনিয়র ও জুনিয়র পাইলট একসঙ্গে ছুটির আবেদন করেছেন। আবেদনপত্রে তাঁরা জানান, “অসুস্থতার জন্য ছুটি দরকার”।

বৃহস্পতিবার ভারতের লোকসভায় এ বিষয়ে প্রশ্নোত্তর পর্বে বিস্তারিত তথ্য প্রকাশ করেন কেন্দ্রীয় বেসামরিক বিমান চলাচলমন্ত্রী মুরলীধর মোহল।

মন্ত্রী জানান, ছুটির আবেদন করা পাইলটদের মধ্যে ৫১ জন কমান্ডার (অভিজ্ঞ পাইলট) এবং ৬১ জন ফ্লাইট অফিসার (জুনিয়র পাইলট) ছিলেন। দুর্ঘটনার মানসিক ধাক্কায় তাঁরা ছুটিতে যেতে বাধ্য হন।

লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন,“এই ঘটনা থেকেই স্পষ্ট হয়, পাইলট ও বিমানকর্মীদের মানসিক স্বাস্থ্য পরীক্ষা ও সুরক্ষা কতটা গুরুত্বপূর্ণ।”

তিনি আরও জানান, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে সরকার একটি নির্দেশিকা জারি করেছিল, যেখানে পাইলটদের মেডিক্যাল পরীক্ষার পাশাপাশি মানসিক স্বাস্থ্য যাচাই ও সহায়তার বিষয়টি বাধ্যতামূলক করার নির্দেশ দেওয়া হয়।

উল্লেখ্য, গত ১২ জুন আহমেদাবাদের মেঘানিনগরে বিজে মেডিক্যাল কলেজের ক্যান্টিনের ওপর ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমান এআই ১৭১। এতে নিহত হন বিমানের প্রায় সব যাত্রীসহ মোট ২৭৪ জন। দুর্ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে।

প্রসঙ্গত, দুর্ঘটনার শিকার বিমানটি ছিল বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার—যা নিরাপদ ও আধুনিক বিমানের তালিকায় অন্যতম। ২০১১ সালে যাত্রা শুরুর পর এতদিন কোনো বড় ধরনের দুর্ঘটনার শিকার হয়নি এ ধরনের উড়োজাহাজ।

তবে কীভাবে এমন নিরাপদ একটি বিমান আচমকা বিধ্বস্ত হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে সর্বত্র।

প্রাথমিক তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য— বিমানের দুটি জ্বালানির সুইচ ‘রান’ থেকে ‘কাটঅফ’ হয়ে গিয়েছিল, যার ফলে ইঞ্জিন বন্ধ হয়ে পড়ে। তবে এই সুইচ কেন বা কিভাবে বন্ধ হয়ে গেল, তা এখনো স্পষ্ট নয়।

একসঙ্গে ১১২ জন পাইলটের ছুটির আবেদন প্রকাশ্যে আসতেই বিমানকর্মীদের মানসিক চাপ, উদ্বেগ ও ট্রমা ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘ ও চাপপূর্ণ কাজের পরিবেশ, দুর্ঘটনার ভয়াবহতা এবং নিরাপত্তাজনিত উদ্বেগ অনেক পাইলটকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে।

বিমান পরিচালনার মতো দায়িত্বপূর্ণ পেশায় কর্মরতদের নিয়মিত মানসিক স্বাস্থ্য পর্যবেক্ষণ ও সহায়তা নিশ্চিত করা জরুরি, এমনটাই মত বিশ্লেষকদের।

এয়ার ইন্ডিয়ার এই দুর্ঘটনা শুধু প্রযুক্তিগত ত্রুটি নয়, একটি বৃহৎ মানবিক সংকেতও দিয়ে যাচ্ছে— যে আকাশে উড়ছেন যারা, তাদের মন ও মানসিকতাও আমাদের যত্নের দাবিদার।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা