প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

গাজায় এক টুকরো রুটির জন্যও লড়াই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ জুলাই, ২০২৫

ফিলিস্তিনের গাজায় বেঁচে থাকার ন্যূনতম অধিকারটুকুও যেন বিলাসিতা হয়ে উঠেছে। একদিকে ইসরায়েলের লাগাতার বিমান হামলা, অন্যদিকে তীব্র খাদ্য সংকটে নিত্যদিন ধুঁকছে প্রায় ২০ লাখ গাজাবাসী।

খাবার সংকট এতটাই প্রকট যে মানুষ রাস্তায় খিদের জ্বালায় অজ্ঞান হয়ে পড়ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে এমনই নির্মম বাস্তবতার চিত্র উঠে এসেছে।

গাজার বাসিন্দা রাইদ আল-আথামনা জানান, “সারাদিন একটা কথাই ঘুরপাক খায় মনে—আজ কী খাবো, আর পরিবারকে কী খাওয়াবো?”

এক সময় গাজায় বিদেশি সাংবাদিকদের গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন আথামনা। কিন্তু এখন কাজ নেই। কারণ, ইসরায়েল আর বিদেশি সাংবাদিকদের গাজায় প্রবেশ করতে দিচ্ছে না।

তিনি বলেন, “আমাদের এখানে কোনো খাবার নেই। রুটি নেই। সামান্য আটাটুকুও কিনতে পারছি না। যদি পাওয়া যায়, দাম এত ভয়াবহ যে নাগালের বাইরে। আজ স্ত্রী ও বাচ্চাদের জন্য একটু ডাল কিনেছি। কিন্তু কাল ওরা কী খাবে, জানি না।”

আথামনা জানান, গাজায় প্রতিদিন কোথাও না কোথাও বোমা পড়ে। কখনো শেলিং, কখনো বিমান হামলা—একটুও শান্তি নেই। “আমি নিজে দেখেছি, মানুষ রাস্তায় খিদের জ্বালায় অজ্ঞান হয়ে পড়ছে।”

তাঁর পরিবারে ছোট ছোট নাতি-নাতনিরাও আছে, যারা সারাদিন শুধু কাঁদছে খিদের জন্য।“এক টুকরো রুটির জন্যও লড়াই করতে হচ্ছে। কীভাবে ওদের মুখে খাবার তুলে দেবো, সেই চিন্তাতেই প্রতিটি দিন শুরু হয়, কিন্তু শেষ হয় না।”

গাজায় এখন যে ত্রাণ ঢুকছে, তা খুবই অল্প। ইসরায়েলের কড়াকড়ির কারণে বেশিরভাগ ত্রাণ ট্রাক সীমান্ত পেরোতেই পারছে না। ফলে যেটুকু খাবার ঢুকছে, তা প্রয়োজনের তুলনায় নগণ্য।

আন্তর্জাতিক স্বাস্থ্য ও ত্রাণ সংস্থাগুলোর মতে, গাজার মানবিক অবস্থা এখন “চরম বিপর্যয়” পর্যায়ে। ওষুধ ও খাবারের মারাত্মক ঘাটতির কারণে শিশু ও অসহায় মানুষের মৃত্যুহার প্রতিদিন বাড়ছে।

গত মে মাসে কিছুটা স্বস্তির খবর এসেছিল, যখন তিন মাসের অবরোধ শেষে কিছু ত্রাণ গাজায় প্রবেশ করেছিল। কিন্তু এখন পরিস্থিতি আরও শোচনীয়।

বিশ্ব সম্প্রদায়ের কাছে এখন একটাই প্রশ্ন রয়ে গেছে—গাজার মানুষ কবে মুক্ত হবে বোমা আর ক্ষুধার হাত থেকে?

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা