প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ইরানকে ফের হামলার হুমকি নেতানিয়াহুর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ জুলাই, ২০২৫

গত মাসে ইরানের সঙ্গে টানা ১২ দিনের যুদ্ধকে “সফল” বলে আখ্যা দিয়েছে ইসরায়েলের রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব। এ যুদ্ধে ইরানের কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন, দেশটির প্রতিরক্ষা সক্ষমতা মারাত্মকভাবে দুর্বল হয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জন— যুক্তরাষ্ট্রকে ইরানের ফোর্দো পরমাণু স্থাপনায় হামলায় যুক্ত করা সম্ভব হয়েছে বলে দাবি করেছে তেলআবিব।

যুদ্ধ শেষে ইসরায়েল দ্রুত বিজয়ের ঘোষণা দিলেও থেমে থাকার কোনো ইঙ্গিত দেননি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, “আমি গ্যাসের প্যাডাল চাপা বন্ধ করার কোনো চিন্তাই করছি না।” অর্থাৎ প্রয়োজনে তারা আবারও হামলায় যেতে প্রস্তুত।

বিশ্লেষকদের মতে, যুদ্ধ শেষ হলেও উত্তেজনা থেমে নেই। ইসরায়েল এখনো সুযোগ খুঁজছে ইরানে আরও এক ধ্বংসাত্মক যুদ্ধ শুরু করার, যার উদ্দেশ্য হবে পশ্চিম এশিয়ার ইসলামী প্রজাতন্ত্রটিকে চূড়ান্তভাবে দুর্বল করে নতজানু করা। তবে এ ধরনের অভিযানের জন্য ওয়াশিংটনের সমর্থন পাওয়া সহজ নাও হতে পারে বলে মনে করছেন অনেকে।

উল্লেখ্য, গত জুনের মাঝামাঝি সময়ে ইসরায়েলের এক আকস্মিক বিমান হামলা থেকেই যুদ্ধের সূচনা। এতে প্রাণ হারান এক হাজারের বেশি ইরানি এবং ২৯ জন ইসরায়েলি নাগরিক ও সেনা।
নিজেদের আগ্রাসনের পক্ষে যুক্তি দিতে গিয়ে ইসরায়েল দাবি করেছে, এটি ছিল আত্মরক্ষামূলক পদক্ষেপ— ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করার জন্য। অন্যদিকে, শুরু থেকেই তেহরান বলে আসছে, তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ ও সম্পূর্ণ বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত।

এ যুদ্ধ শেষ হলেও ইসরায়েল-ইরান উত্তেজনার স্থায়ী সমাধান যে এখনো বহু দূরে, তা স্পষ্ট হয়ে উঠেছে নেতানিয়াহুর হুঁশিয়ারিতেই।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা