প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ভারতের বার্ন বিশেষজ্ঞ দল বার্ন ইনস্টিটিউটে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৫

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহতদের চিকিৎসায় সহায়তা দিতে ভারত থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সদের একটি প্রতিনিধি দল জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন করেছেন।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে, চার সদস্যের এই প্রতিনিধি দলটি বার্ন ইনস্টিটিউটে পৌঁছায়। প্রতিনিধিদলে রয়েছেন নয়াদিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতাল ও সাফদারজং হাসপাতালের দুইজন বার্ন ও প্লাস্টিক সার্জন এবং তাদের সঙ্গে আরও দুজন প্রশিক্ষিত নার্স।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের দায়িত্বপ্রাপ্ত একাধিক কর্মকর্তা এবং উপস্থিত আনসার সদস্যরা প্রতিনিধি দলের আগমনের বিষয়টি নিশ্চিত করেছেন। একই সময় সিঙ্গাপুর থেকেও আরেকটি চিকিৎসক দল ইনস্টিটিউটে প্রবেশ করে বলে জানা গেছে।

ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনায় দগ্ধ রোগীদের শারীরিক অবস্থা মূল্যায়ন, তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা এবং প্রয়োজনে ভারতে উন্নত চিকিৎসার সুপারিশ করতেই এই প্রতিনিধি দল পাঠানো হয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, “প্রাথমিক মূল্যায়নের ভিত্তিতে ভবিষ্যতে অতিরিক্ত চিকিৎসক দলও বাংলাদেশে পাঠানো হতে পারে।”

উল্লেখ্য, মাইলস্টোন বিমান দুর্ঘটনায় গুরুতর দগ্ধদের চিকিৎসা সহায়তার জন্য ভারত গত মঙ্গলবার বাংলাদেশ সরকারকে চিঠি দিয়েছিল। এরই ধারাবাহিকতায় বুধবার রাত ৯টায় বিশেষজ্ঞ চিকিৎসক দলটি ঢাকায় পৌঁছে।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা