প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জুলাই গণঅভ্যুত্থানকে মব বলা’য় অধ্যাপক নীলিমার স্থায়ী বহিষ্কার দাবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. নীলিমা আক্তারের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য, স্বৈরাচারবিরোধী আন্দোলনের প্রতি বিরূপ অবস্থান এবং ‘জুলাই গণঅভ্যুত্থান’কে ‘মব’ আখ্যা দেওয়ার অভিযোগ এনে তার স্থায়ী বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বিভাগের শিক্ষার্থীরা।

বুধবার (২৩ জুলাই) দুপুর ১২টার দিকে ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা কলা ভবন চত্বর থেকে মিছিল শুরু করে পুরো এলাকা প্রদক্ষিণ করে নিজ বিভাগে গিয়ে অবস্থান নেন। সেখানে তারা নানা স্লোগান ও দেয়াললিখনের মাধ্যমে অধ্যাপকের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।

বিক্ষোভে শিক্ষার্থীরা ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘দালালদের দুই গালে, জুতা মারো তালে তালে’, ‘জুলাইয়ের অপমান সইবো না’, ‘১ ২ ৩ ৪, নীলিমা বহিষ্কার’, ‘স্বৈরাচারের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ প্রভৃতি স্লোগানে কলা ভবন প্রকম্পিত করে তোলেন।

শিক্ষার্থীদের বক্তব্য অনুযায়ী, ড. নীলিমা আক্তার মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রবিরোধী মনোভাব নিয়ে ক্লাসরুমে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর মত প্রকাশ করেছেন। তারা অভিযোগ করেন, তিনি ‘জুলাই গণঅভ্যুত্থান’কে গোষ্ঠীগত সহিংসতা হিসেবে চিত্রিত করেছেন এবং রাষ্ট্রীয় দমনকে ন্যায্যতা দিয়েছেন।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঘোষণা দেন, “বিশ্ববিদ্যালয় যদি স্বল্পসময়ের মধ্যে অধ্যাপক নীলিমা আক্তারকে স্থায়ীভাবে বহিষ্কার না করে, তবে তাকে ইংরেজি বিভাগ থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে এবং যেখানে পাওয়া যাবে সেখানে তিরস্কার করা হবে।”

তারা আরও বলেন, “ফ্যাসিজমের শিকড় সমূলে উৎপাটিত না করা পর্যন্ত আন্দোলন চলবে। এ লড়াই শুধুমাত্র একজন শিক্ষকের বিরুদ্ধে নয়, এটি দালালি, রাষ্ট্রীয় দমন এবং নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে।”

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা