প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

পরীক্ষা বিলম্ব হওয়ার কারণ ব্যাখ্যা করেছেন শিক্ষা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৫

মাইলস্টোন ট্র্যাজেডির পরও এইচএসসি পরীক্ষা স্থগিতে বিলম্ব হওয়ার কারণ ব্যাখ্যা করেছেন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার)। বুধবার (২৩ জুলাই) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন।

তিনি বলেন, “প্রশ্নপত্র সংক্রান্ত বিষয়গুলো নিশ্চিত করেই পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিতে হয়। এ কারণেই দেরি হয়েছে।”
তবে এখনও এইচএসসির স্থগিত পরীক্ষার সময়সূচি নির্ধারণ হয়নি বলেও জানান তিনি।

পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তে দেরি হওয়ায় শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগ দাবিতে মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এর প্রেক্ষিতে শিক্ষা সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার করা হয়েছে।

এ বিষয়ে সি আর আবরার বলেন, “শিক্ষা সচিবকে প্রত্যাহার করা হয়েছে। আমার পদত্যাগের বিষয়টি সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করে। যদি মনে করা হয় আমার দায়িত্বে ব্যত্যয় ঘটেছে, তাহলে আমি দায়িত্ব আঁকড়ে ধরে থাকার পক্ষপাতী নই।”

প্রসঙ্গত, রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় ২২ ও ২৪ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।সোমবার (২১ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ফেসবুক পোস্টে ২২ জুলাইয়ের পরীক্ষা স্থগিতের কথা জানান।
পরদিন মঙ্গলবার শিক্ষা উপদেষ্টা ২৪ জুলাইয়ের পরীক্ষা স্থগিতের ঘোষণা দেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা