রাজধানীর গুলিস্তান এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের দুই সক্রিয় সদস্যকে দুটি অবিস্ফোরিত ককটেলসহ গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্টন মডেল থানা।
গ্রেপ্তার হওয়া দুইজন হলেন—মো. মেহেদী হাসান ফাহিম (৩০) এবং মো. আরিফুর রহমান রাজা (৩০)।
পল্টন মডেল থানা সূত্র জানায়, গতকাল মঙ্গলবার (২২ জুলাই) রাত আনুমানিক ৯টা ৩৫ মিনিটে গুলিস্তানে ছিনতাই প্রতিরোধ ও নিষিদ্ধ সংগঠনের সদস্যদের ধরতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে, বিস্ফোরণের আগে মেহেদী ও আরিফুরকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ছাত্রলীগের শীর্ষ নেতাদের নির্দেশে ককটেল হামলার পরিকল্পনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। অতীতেও তারা নানা সহিংস কর্মকাণ্ডে যুক্ত ছিল বলেও পুলিশের ধারণা।
এই ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনের ৫/৬ ধারা অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং তাদের আদালতে হাজির করার প্রস্তুতি চলছে।