প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দুর্নীতির মামলায় বিএনপি নেতা এ্যানি বেকসুর খালাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৫

সম্পদের তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

বুধবার (২৩ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মো. জাকারিয়া হোসেন এ রায় ঘোষণা করেন। রায়ে বলা হয়, আসামির বিরুদ্ধে আনা অভিযোগ রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে ব্যর্থ হয়েছে।

আসামির উপস্থিতিতে আদালত এ রায় ঘোষণা করেন। এ সময় তার পক্ষে আদালতে উপস্থিত ছিলেন আইনজীবী মহিউদ্দিন চৌধুরী, জামাল হোসেন, তানজীম চৌধুরী ও খায়রুল ইসলাম লিটন।

এর আগে গত ১৬ জুলাই যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত ২৩ জুলাই রায়ের দিন ধার্য করেন।

২০১৪ সালের ৯ অক্টোবর রাজধানীর রমনা থানায় এ্যানির বিরুদ্ধে মামলা করে দুদক। দুদকের উপ-পরিচালক মো. মঞ্জুর মোর্শেদ মামলার বাদী ছিলেন।

দুদকের অভিযোগ ছিল—শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি তার সম্পদ বিবরণীতে ১৩ লাখ ১৩ হাজার ৯৪০ টাকার তথ্য গোপন করেছেন এবং ১ কোটি ৪০ লাখ ৪২ হাজার ৬৭০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।

সবশেষে আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, রাষ্ট্রপক্ষ আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করতে পারেনি, তাই বেকসুর খালাস পেয়েছেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা