প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

শিক্ষা উপদেষ্টা পদত্যাগ না করলে ,টাকা তুলে শেখ হাসিনাকে দেশে আনবো

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ জুলাই, ২০২৫

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ও সচিবালয়ের সামনে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ জুলাই) সকাল থেকে মাইলস্টোন কলেজে অবরুদ্ধ হয়ে আছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

কলেজ চত্বরে ও আশপাশে শত শত শিক্ষার্থী অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। তাদের দাবি, উপদেষ্টা ও সচিবের ব্যর্থতায় চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় বিপুল সংখ্যক শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।

অন্যদিকে, সচিবালয়ের সামনে অবস্থান নেওয়া আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে।

এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে একজন যুবককে বলতে শোনা যায়—‘যদি শিক্ষা উপদেষ্টাকে পদত্যাগ না করা হয়, তাহলে টাকা তুলে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবো।’ ওই যুবকের পরনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগোসংবলিত টি-শার্ট দেখা গেছে। ভিডিওটি ‘নিষিদ্ধ ছাত্রলীগ’-এর ভেরিফায়েড ফেসবুক পেজেও শেয়ার করা হয়েছে।

ভিডিওতে যুবকটি আরও বলেন, “সরকার যদি আন্দোলন ও ছাত্র সমাজের দাবি না মানে, তাহলে আন্দোলনের কী মূল্য থাকে? শুধু শিক্ষা উপদেষ্টা নয়, শিক্ষা সচিব ও ঢাকা বোর্ড চেয়ারম্যানেরও পদত্যাগ চাই।”

উল্লেখ্য, তিনি নিজেকে ‘জুলাই গণঅভ্যুত্থানের আহত কর্মী’ বলে দাবি করেছেন।সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনও এ ভিডিও এবং অভিযুক্ত যুবক সম্পর্কে কোনো আনুষ্ঠানিক মন্তব্য দেয়নি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা