প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

মাইলস্টোন কলেজে অবরুদ্ধ উপদেষ্টারা, পুলিশ প্রহরায় গোপনে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ জুলাই, ২০২৫

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রায় ৬ ঘণ্টা ধরে অবরুদ্ধ ছিলেন। মঙ্গলবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া এই অবরুদ্ধ পরিস্থিতি বিকেল সোয়া ৩টার দিকে পুলিশের সহায়তায় শেষ হয়।

প্রথম দফায় উপদেষ্টারা কলেজ থেকে বের হওয়ার চেষ্টা করলে দিয়াবাড়ি মোড়ে শিক্ষার্থীদের বাধার মুখে পড়ে তাদের গাড়ি ফিরে আসে। দ্বিতীয় দফায় বিকেল পৌনে চারটার দিকে মেট্রোরেল ডিপোর কাছে শিক্ষার্থীরা উপদেষ্টাদের গাড়ি ঘিরে ধরলে আবারও তারা কলেজ ভবনে ফিরে যেতে বাধ্য হন।

এই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস। দুপুর সোয়া ২টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কলেজের ৫ নম্বর ভবনের গেটের সামনে অবস্থান নেওয়া পুলিশ সদস্যদের ওপর ইট-পাটকেল ছোড়ে এবং ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সদস্যরা সরে যেতে বাধ্য হন।

উপদেষ্টারা কলেজের নিচতলার একটি সম্মেলন কক্ষে অবস্থান নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন লাউডস্পিকারের মাধ্যমে। দীর্ঘ আলোচনার ব্যর্থতায় শেষে বিকেল সোয়া ৩টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় পেছনের গেট দিয়ে গোপনে কলেজ ত্যাগ করেন তারা।


 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা