প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

২৪ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২২ জুলাই, ২০২৫

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বড় ধরনের প্রাণহানির ঘটনায় আগামী ২৪ জুলাই অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) প্রধান উপদেষ্টার কার্যালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

পরীক্ষার রুটিন অনুযায়ী, ২৪ জুলাই অর্থনীতি প্রথম পত্র এবং প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

এর আগে, একই কারণে আজ ২২ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে মঙ্গলবার সকাল ৭টা ১৫ মিনিটে দেওয়া এক পোস্টে বিষয়টি জানান।

আজকের (২২ জুলাই) রুটিনে রসায়ন (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র, ইতিহাস দ্বিতীয় পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয় পত্র এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

উল্লেখ্য, গতকাল সোমবার (২১ জুলাই) দুপুর ১টার পরপরই বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, ঘটনায় এখন পর্যন্ত ৩১ জন নিহত এবং প্রায় দেড় শতাধিক আহত হয়েছেন।

এই মর্মান্তিক দুর্ঘটনার পর মঙ্গলবার (২২ জুলাই) এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা