রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় শোকাহত পুরো দেশ। স্বাধীনতার পর এমন হৃদয়বিদারক বিমান দুর্ঘটনা আর দেখেনি জাতি।
সোমবার দুপুরে ঘটে যাওয়া এই ঘটনায় এখন পর্যন্ত ২৭ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ২৫ জনই শিশু। আরও দেড় শতাধিক আহত রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
এই মর্মান্তিক দৃশ্য ও শিশুমৃত্যুর করুণ সংবাদে দেশের সাধারণ মানুষের পাশাপাশি ভেঙে পড়েছেন বহু পরিচিত মুখও। তেমনি প্যানিক অ্যাটাকড হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি।
অভিনেত্রী নিজেই মঙ্গলবার দুপুরে এভারকেয়ার হাসপাতাল থেকে এক ফেসবুক স্ট্যাটাসে জানান, “আমার আগুনের একটা ট্রমা আছে ছোটোবেলা থেকে। গতকালের দুর্ঘটনায় পোড়া বাচ্চাগুলোর ছবি দেখে আমার খুব খারাপভাবে প্যানিক অ্যাটাক হয়। রাতে হাসপাতালে ভর্তি হতে হয়।”
তিনি আরও লেখেন, “বুকের ভেতর ধরফর করে শুধু। আহারে, এই শোক ওই মায়েরা কিভাবে সহ্য করবে আল্লাহ!”
পরীমণির অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে তার ভক্ত-অনুরাগীদের মধ্যে দুশ্চিন্তা দেখা দেয়। বর্তমানে তিনি দুই সন্তানের মা। তাই সহকর্মী ও ভক্তরা সামাজিক মাধ্যমে তার দ্রুত সুস্থতা কামনা করেন।