রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিধ্বস্ত হয়ে সহপাঠীদের প্রাণহানির ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১১টা থেকে কলেজের সামনের সড়ক অবরোধ করে ছয় দফা দাবিতে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীরা ব্যানার, প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দিতে শুরু করে— ‘বিচার চাই’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘ভুয়া ভুয়া প্রশাসন চাই না চাই না’। তাদের দাবি মানা না হলে আন্দোলন আরও তীব্র হবে বলে হুঁশিয়ারি দিয়েছে শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের ছয় দফা দাবি হলো: ১. পুরোনো প্রশিক্ষণ বিমান বাতিল, ২. নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন, ৩. নিহত শিক্ষার্থীদের সঠিক সংখ্যা ও নাম প্রকাশ, ৪. দায়ীদের বিচার, ৫. আহত ও নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ, ৬. ভবিষ্যতে শিক্ষাপ্রতিষ্ঠান এলাকায় বিমান চলাচল বন্ধসহ নিরাপত্তা নিশ্চিত।
আন্দোলন চলাকালে কলেজ প্রাঙ্গণ থেকে প্রশাসনের কিছু গাড়ি বের হওয়ার সময় শিক্ষার্থীরা গাড়িগুলো ঘিরে ফেলে এবং বাধা প্রদান করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। তবে এখন পর্যন্ত কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, গতকাল (২১ জুলাই) দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান মাইলস্টোন কলেজ ভবনে বিধ্বস্ত হয়। এতে ২৫ জন শিক্ষার্থীসহ মোট ২৭ জন নিহত হন এবং আহত হন আরও ৭৮ জন। দুর্ঘটনার পর থেকে দেশের শিক্ষা অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।