প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

নিহত ৬ জনের পরিচয় মিলেনি, মৃত্যু আরও বাড়ার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ জুলাই, ২০২৫

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। দুপুর ১টার পর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানটি বিধ্বস্ত হয়। এতে এখন পর্যন্ত ২৭ জনের নিহত হওয়ার তথ্য নিশ্চিত হওয়া গেছে। আহত হয়েছেন শতাধিক। এ ঘটনার প্রতিমুহূর্তের আপডেট জানাচ্ছে ঢাকা পোস্ট।

উত্তরায় প্রশিক্ষণ বিমানের দুর্ঘটনায় আহতদের দেখতে জাতীয় বার্ন ও প্লাস্টিক ইনস্টিটিউটে গেছেন নৌপরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রবেশে কড়াকড়ি আরোপ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোগী, আত্মীয় এবং স্টাফ ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এমনকি সেনাবাহিনীর অনুমতি ছাড়া প্রবেশ করতে পারছেন না সাংবাদিকও।

ঢাকার উত্তরা এলাকার মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তে প্রাণহানির ঘটনায় উত্তেজনা বিরাজ করছে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে। এই প্রেক্ষাপটে, সোমবারের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১০টায় কলেজের গোল চত্বরে শান্তিপূর্ণ আন্দোলনের ডাক দিয়েছে শিক্ষার্থীরা।

রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়ে কোমলমতি ছাত্রছাত্রীসহ বহু হতাহতের ঘটনায় শোক ও শ্রদ্ধা জানিয়ে দুপুরের পর থেকে বন্ধ থাকবে হাইকোর্টের বিচারকাজ।

রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়ে কোমলমতি ছাত্রছাত্রীসহ বহু হতাহতের ঘটনায় এক মিনিট নিরবতা পালন করেছেন দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ। কোমলমতি শিশুদের বিদেহী আত্মার স্মরণে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের ৭ বিচারপতি দাঁড়িয়ে নিরবতা পালন করেন। এ সময় নিস্তব্ধ হয়ে যায় আপিল বিভাগের এজলাস কক্ষ।

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রত্যেকের জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। নিহতদের প্রত্যেকের নাম-পরিচয় যাচাই ও তালিকা করা হচ্ছে। যেসব মরদেহ শনাক্ত করা যাচ্ছে না, সেগুলো ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করা হচ্ছে। এর পাশাপাশি, ঢাকার কয়েকটি হাসপাতালে এ ঘটনায় আহতদের সুচিকিৎসায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে নিহতদের মধ্যে মোট ২০ জনের মরদেহ অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে। এখনও ৬ জনের মরদেহ শনাক্ত করা যায়নি।

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহতরা রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের সার্বিক চিকিৎসার স্বার্থে হাসপাতালে কাউকে ভিড় না করার অনুরোধ জানিয়েছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত নিহত ২৭ জনের মধ্যে ২৫ জন শিশু বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত দুই শিক্ষার্থীর বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর ও সখীপুরে চলছে শোকের মাতম। তাদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজনদের আহাজারিতে আকাশ ভারী হয়ে উঠে।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে নিহতদের মধ্যে ৮ জনের মরদেহ অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) মঙ্গলবার (২২ জুলাই) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বাড়ছে মৃত্যুর মিছিল, চলে গেলো ষষ্ঠ শ্রেণির ছাত্র সামিনও

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আব্দুল্লাহ সামিন (১৪) নামে আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল। মঙ্গলবার (২২ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা.শাওন বিন রহমান। তিনি জানান, উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আব্দুল্লাহ সামিন নামে আরও এক শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

জাতীয় বার্নে আরও দুজনের মৃত্যু

রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় আরও দুজন মারা গেছেন। এ নিয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনজন মারা গেলেন। এর আগে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানায়, রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ২০ জন নিহত হয়েছেন। এ ছাড়া বিভিন্ন হাসপাতালে প্রায় ১৭১ জন চিকিৎসাধীন রয়েছেন। সর্বশেষ জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে আরও দুজনের মৃত্যুর খবর এলো। তারা হলেন- মাহেরীন চৌধুরী (৪০) ও আফনান (১৪)। রাত সাড়ে ১০টার দিকে আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেন।

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তে প্রাণহানির ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন পা‌কিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।

প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বলেছেন, আমাদের ব্লাড ব্যাংকে আপাতত রক্ত নেওয়া শেষ। আপাতত আর কেউ রক্ত দেবেন না। আমরা মানুষের আবেগের প্রতি সম্মান জানিয়ে রক্ত নিয়েছি।

নিহত পাইলটের বড় চাচা মতিউর রহমান বলেন, ঢাকায় রওনা হওয়ার আগে তৌকিরের বাবা-মাকে তার মারা যাওয়ার খবর জানানো হয়নি। গতবছর তৌকির ইসলাম বিয়ে করেন। এ বছরের ফেব্রুয়ারি মাসে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। তার স্ত্রী ঢাকার ব্র্যাক ইউনিভার্সিটির টিচার।

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দোতলা একটি ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান এফটি-৭ বিজিআই বিধ্বস্ত হওয়ার ঘটনায় কলেজের দুর্ঘটনাস্থলের উদ্ধারকাজ সমাপ্ত ঘোষণা করা হয়েছে।

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাজ্য।

রাজধানীর উত্তরা মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমানটি উদ্ধারে ব্যবহার করা হচ্ছে ভারী ক্ষমতাসম্পন্ন ক্রেন।

দুর্ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, বিধ্বস্ত প্লেনটি ছিটকে প্রাইমারি শিক্ষার্থীদের ভবনের সিঁড়ির সামনে চলে যায়। বিধ্বস্ত হওয়া বিমানটির ‘নাক’ ঢুকে গেছে ভবনের সিঁড়ির অংশে, আর এর দুই পাখার আঘাতে পুড়ে ছাই হয়েছে শিশুদের দুটি ক্লাসরুম।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত ঘটনায় উদ্ধার কাজের জন্য একটি এক্সেভেটর, একটি ক্রেন ভেতরে প্রবেশ করেছে।

বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মর্মান্তিক এ দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন রাষ্ট্রপতি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।

দগ্ধদের মধ্যে এখন পর্যন্ত ৩৬ জনের পরিচয় শনাক্ত। জাতীয় বার্নে দগ্ধরা হলেন— ১.শামীম ইউসুফ (১৪) ২. মাহিন(১৫) ৩. আবিদ(১৭) ৪. রফি বড়ুয়া(২১) ৫. সায়েম (১২), ৬.সায়েম ইউসুফ (১৪), ৭. মুনতাহা(১১), ৮. নাফি (১০), ৯. মেহেরিন(১২), ১০.আয়মান(১০), ১১. জায়েনা (১৩), ১২.ইমন(১৭), ১৩. রোহান(১৪), ১৪.আবিদ(০৯), ১৫.আশরাফ(৩৭), ১৬.ইউশা(১১), ১৭.পায়েল(১২) ১৮.আলবেরা (১০), ১৯.তাসমিয়া(১৫), ২০.মাহিয়া (১৩), ২১.অয়ন(১৪), ২২.ফয়াজ(১৪), ২৩.মাসুমা(৩৮), ২৪. মাহাতা(১৪), ২৫.শামীম (১৭), ২৬.জাকির(৫৫), ২৭.নিলয়(১৪), ২৮.সামিয়া( ১৪), ২৯. আরিয়ান (১২) ৩০. তৌফিক (১৩), ৩১. নূসরাত (১৩), ৩২.তানভীর আহমেদ(১৩) (নিহত) ঢাকা মেডিকেলে দগ্ধ চারজন: তারা হলেন- রাইয়ান (১৪), জুনায়েদ (১১) (নিহত), জারিফ(১২), সবুজা বেগম (৪০)।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা