ঢাকার উত্তরায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে। এছাড়া, আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন অন্তত ১৭১ জন। আহতদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী বলে জানা গেছে।
সোমবার (২১ জুলাই) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানায়।
আইএসপিআর জানিয়েছে, আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতওয়ার ভিত্তিতে বিভাজিতভাবে হতাহতদের সংখ্যা নিম্নরূপ:
-
কুয়েত মৈত্রী হাসপাতাল – আহত: ৮, নিহত: ০
-
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট – আহত: ৭০, নিহত: ২
-
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল – আহত: ৩, নিহত: ১
-
সিএমএইচ, ঢাকা – আহত: ১৭, নিহত: ১২
-
কুর্মিটোলা জেনারেল হাসপাতাল – আহত: ১, নিহত: ২
-
লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার, উত্তরা – আহত: ১১, নিহত: ২
-
উত্তরা আধুনিক হাসপাতাল – আহত: ৬০, নিহত: ১
-
উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল – আহত: ১, নিহত: ০
এই আটটি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন মোট ১৭১ জন।
আইএসপিআর আরও জানায়, দুর্ঘটনার সময় বিমানটির বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম ঘনবসতি থেকে বিমানটিকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করেন। তবে দুর্ভাগ্যজনকভাবে বিমানটি দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়।
জানা গেছে, সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করা বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই (৭০১) প্রশিক্ষণ বিমানটি মাত্র ১২ মিনিট পর, ১টা ১৮ মিনিটে দুর্ঘটনার কবলে পড়ে। বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়। এ সময় ঘটনাস্থলে এক শিক্ষার্থী প্রাণ হারান।
দুর্ঘটনার পরপরই প্রায় ১৫০ জনের বেশি শিক্ষার্থীকে দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে ৭০ জনকে ভর্তি করা হয়েছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।