রাজধানীর উত্তরার দিয়াবাড়ী এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুপুরের দিকে বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বিমানটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসের ভেতরে আছড়ে পড়ে—যা সঙ্গে সঙ্গে এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি করে।
প্রশিক্ষণ বিমানটিতে স্কোয়াড্রন লিডার তৌকির অবস্থান করছিলেন। দুর্ঘটনার পরপরই গাঢ় কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে ছড়িয়ে পড়ে এবং চারদিকে দৌড়াদৌড়ি ও চিৎকার শুরু হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আশপাশের মানুষজন আতঙ্কিত হয়ে ঘটনাস্থলের দিকে দৌঁড়াচ্ছেন এবং কেউ কেউ আহতদের উদ্ধারে এগিয়ে আসছেন।
তাৎক্ষণিকভাবে হতাহতদের নির্দিষ্ট সংখ্যা নিশ্চিত করা না গেলেও বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার পরপরই সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছেন। এলাকাটি ঘিরে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্তে নেমেছে।
বিমানটি কেন, কীভাবে বিধ্বস্ত হলো—তাৎক্ষণিকভাবে তার কারণ জানা যায়নি। তবে বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে প্রাথমিকভাবে জানানো হয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হতে পারে।
এই মর্মান্তিক ঘটনায় এলাকাবাসীর মাঝে চরম উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, বিমানটি আকাশে কয়েকবার ঘুরছিল এবং এরপরই বিকট শব্দে নিচে পড়ে যায়।
আব্দুল্লাহ আল মাহমুদ