প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

৪৩ হাজার পৃষ্ঠা জমা দিয়েও নিবন্ধন বাছাইয়ে উত্তীর্ণ হয়নি এনসিপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ জুলাই, ২০২৫

গত জুন মাসে নির্বাচন কমিশনে দল নিবন্ধনের আবেদন জমা দেয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আবেদনপত্রের সঙ্গে জেলা-উপজেলা কমিটির তালিকা, দলীয় সদস্যদের তথ্যসহ মোট ৪৩ হাজার পৃষ্ঠার ডকুমেন্টস জমা দেয় দলটি।

তবে নির্বাচন কমিশনের প্রাথমিক যাচাই-বাছাইয়ে এনসিপি অযোগ্য বিবেচিত হয়েছে। মঙ্গলবার কমিশনের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক শর্ত পূরণে ব্যর্থ হয়েছে দলটি।

এ নিয়ে গণমাধ্যমে নানা ধরনের জল্পনা-কল্পনা ও প্রতিবেদন প্রকাশিত হচ্ছে। এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে, তারা সব শর্তই পূরণ করেছে, কিন্তু কিছু ডকুমেন্ট রিপিটেশন, কিছু জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তথ্যের ঘাটতি, ও কয়েকটি ভোটার তালিকায় তথ্য অসম্পূর্ণ থাকার কারণে কমিশন পুনরায় কিছু কাগজপত্র চেয়েছে।

দলটির নিবন্ধন কমিটির দায়িত্বে থাকা যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা বিবিসি বাংলাকে বলেন: “আমরা যে কাগজপত্র জমা দিয়েছি, তাতে কিছু রিপিটেশন হয়েছে, কয়েকজনের এনআইডি নম্বর লেখা নেই। যেসব জায়গায় ২০০ ভোটারের তালিকা দিয়েছি, সেখানে ৪–৫ জনের এনআইডি মিসিং— এজন্য কমিশন নতুন করে দিতে বলেছে। এটি খুবই ছোট ছোট পর্যবেক্ষণ। আমরা দ্রুত সেগুলো পূরণ করে দেব।”

তিনি আরও বলেন, “আইনের সব বাধ্যবাধকতা আমরা পূরণ করেছি। আমাদের নিবন্ধন না দিলে আইনগতভাবে কমিশনের সেই সুযোগ নেই।”

এনসিপির দাবি, নিবন্ধন প্রক্রিয়ার অংশ হিসেবেই কমিশনের চিঠি এসেছে, এবং তা তাদের বাদ দেওয়ার ইঙ্গিত নয়। বরং দলটি আত্মবিশ্বাসের সঙ্গেই বলছে, প্রয়োজনীয় সংশোধনী দাখিল করে খুব দ্রুতই তারা চূড়ান্ত বাছাইয়ে উত্তীর্ণ হবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা