প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

চাঁদা না দেওয়ায় হাসপাতালের লিফটের কাজ বন্ধ!

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২১ জুলাই, ২০২৫

রাজবাড়ী জেলা সদর হাসপাতালের বহুতল ভবনের লিফট স্থাপন কাজ চাঁদাবাজির হুমকির কারণে বন্ধ হয়ে গেছে। এতে করে হাসপাতালের গুরুত্বপূর্ণ নির্মাণ কার্যক্রম স্থবির হয়ে পড়েছে বলে জানিয়েছে গণপূর্ত বিভাগ।

সম্প্রতি রাজবাড়ী অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় সভায় এ বিষয়টি আলোচনায় উঠে আসে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সুলতানা আক্তার। তিনি নির্মাণ অগ্রগতি জানতে চাইলে গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী (সিভিল) মো. জহিরুল ইসলাম জানান,
“স্থানীয় কিছু ব্যক্তি লিফটের ঠিকাদারের কাছে চাঁদা দাবি করেছে। চাঁদা না দেওয়ায় বিভিন্ন সময়ে হুমকি দেওয়া হচ্ছে, ফলে ঠিকাদার ও তার কর্মীরা ভীত-সন্ত্রস্ত হয়ে কাজ বন্ধ রেখেছে।”

তিনি আরও জানান,
“একাধিকবার চাঁদা পরিশোধ করার পরও বিভিন্ন গ্রুপ এসে নতুন করে দাবী করছে। ঠিকাদার বলছেন, কতজনকে তিনি চাঁদা দেবেন? এর আগেও হাসপাতালের এসি তার ও অন্যান্য মালামাল চুরি গেছে।”

জেলা প্রশাসক এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তিনি বলেন, “এ ধরনের কার্যকলাপ স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ খাতে কোনোভাবেই সহ্য করা হবে না।”

সভায় উপস্থিত অন্যান্য কর্মকর্তারাও চাঁদাবাজির ঘটনার নিন্দা জানান এবং নির্মাণ কাজে দ্রুত সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানান।

এ বিষয়ে রাজবাড়ীর পুলিশ সুপার মো. কামরুল ইসলাম জানান,
“চাঁদাবাজির অভিযোগ জেলা উন্নয়ন সভায় উত্থাপিত হয়েছে। পুলিশ ইতোমধ্যেই বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে। রাজবাড়ীতে চাঁদাবাজিকে কোনোভাবে সহ্য করা হবে না।”

জনমনে উদ্বেগ
২৫০ শয্যাবিশিষ্ট রাজবাড়ী সদর হাসপাতালের সম্প্রসারণ প্রকল্পটি জেলার অন্যতম গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা অবকাঠামো হিসেবে বিবেচিত। লক্ষাধিক মানুষের চিকিৎসা সেবার জন্য এটি একটি প্রধান ভরসা। তবে চাঁদাবাজির কারণে কাজ বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে তীব্র উদ্বেগ বিরাজ করছে।

জেলার সচেতন নাগরিকরা দ্রুত নিরাপদ পরিবেশে কাজ পুনরায় শুরুর দাবি জানিয়েছেন, যাতে এই গুরুত্বপূর্ণ স্বাস্থ্য প্রকল্পটি নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করা যায়।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা