প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

গোপালগঞ্জে কারফিউ প্রত্যাহার, গ্রেপ্তারের অভিযান অব্যাহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ জুলাই, ২০২৫

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিকে ঘিরে সংঘর্ষ, প্রাণহানি ও উত্তেজনার পর জারি করা কারফিউ ও ১৪৪ ধারা অবশেষে তুলে নিয়েছে প্রশাসন।

রোববার (২০ জুলাই) সন্ধ্যায় জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাত ৮টার পর গোপালগঞ্জ জেলায় আর কারফিউ ও ১৪৪ ধারা বলবৎ থাকবে না। তবে, আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক মূল্যায়ন চলছে এবং প্রয়োজনে ভবিষ্যতে নতুন নির্দেশনা দেওয়া হতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, হামলা ও সহিংসতায় জড়িত অপরাধীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।

গত ১৬ জুলাই (বুধবার) এনসিপির ঘোষিত পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে ভয়াবহ সহিংসতা ছড়িয়ে পড়ে। অভিযোগ রয়েছে, ওইদিন ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা এনসিপির শোভাযাত্রায় হামলা চালায়। দিনব্যাপী সংঘর্ষে বেশ কয়েকজন নিহত ও আহত হন।

ঘটনার পর গোপালগঞ্জ শহরজুড়ে নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটলে, ওই রাত ৮টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রথম দফায় কারফিউ জারি করে জেলা প্রশাসন।

পরবর্তীতে দ্বিতীয় দফায় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার দুপুর ১১টা পর্যন্ত, তারপর দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নতুন করে কারফিউ জারি করা হয়।
এরপর শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার সকাল ৬টা, এবং শনিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল ও পুনঃজারি করা হয়।
সবশেষে শনিবার রাত ৮টা থেকে রোববার সকাল ৬টা, এবং রোববার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ রাখা হয়।

অবশেষে, রোববার রাত ৮টার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক বিবেচনায় নিয়ে প্রশাসন কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার করে নেয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, “পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে কেউ দোষী প্রমাণিত হলে তাকে আইনের আওতায় আনা হবে।”#গোপালগঞ্জ_কারফিউ

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা