ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি সংঘটিত জুলাই মাসের গণ-অভ্যুত্থান চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলা ও নির্যাতনের অভিযোগে ছাত্রলীগের ১২৮ জন নেতাকর্মীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
রোববার (২০ জুলাই) সকালে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ডাকসু নির্বাচনের তফসিল নিয়ে আয়োজিত অংশীজনদের চূড়ান্ত বৈঠকে এসব তথ্য জানানো হয়। বৈঠকে জানানো হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠিত অনুসন্ধান কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এই বহিষ্কার কার্যকর করা হয়েছে।
এছাড়া, শাহবাগ থানায় করা দুটি মামলায় ছাত্রলীগের আরও ৩০০-এর বেশি নেতাকর্মীর বিরুদ্ধে তদন্ত ও আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্তদের আইনের আওতায় আনতে নতুন একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও সভায় জানানো হয়।
প্রথমে ২৫ জুন পর্যন্ত ছয়টি অভিযোগ জমা পড়লেও পরবর্তীতে অভিযোগ দাখিলের সময়সীমা ৩১ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। পাশাপাশি, হল ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিভিন্ন কমিটির অভিযুক্তদের শনাক্ত করে ব্যবস্থা গ্রহণের কাজও অব্যাহত রয়েছে।