প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে ট্রাকসহ গ্রেপ্তার ২

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২০ জুলাই, ২০২৫

ঢাকার ধামরাই উপজেলার আমতলা এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে একটি ট্রাকসহ দুইজন সন্দেহভাজন ডাকাতকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ (উত্তর)। এ সময় ঘটনাস্থল থেকে একটি ছয় চাকার ট্রাক, একটি ধারালো ছোরা ও চারটি লক কাটার যন্ত্র জব্দ করা হয়।

রবিবার (২০ জুলাই) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মো. জালাল উদ্দিন।

গ্রেপ্তারকৃতরা হলেন—জামালপুরের বকশীগঞ্জ থানার সাধুরপাড়া গ্রামের মো. বিল্লালের ছেলে মো. শাহাজল (৩৮), যিনি গাজীপুরের বাইমাইল এলাকায় বসবাস করতেন; এবং ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার মৃত হাকিম মিয়ার ছেলে মো. সুমন মিয়া (৩৫), যার বর্তমান ঠিকানা গাজীপুরের বাসন থানার মোঘরখাল এলাকায়।

ডিবি সূত্র জানায়, শাহাজল এর বিরুদ্ধে ২০২১ সালের ২৫ মে বকশীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর ৯৫৫/২০২১) রয়েছে। অপরদিকে, সুমন মিয়ার বিরুদ্ধে ২০২৫ সালের ১০ মে বাসন থানায় দায়ের করা একটি মামলা রয়েছে (এফআইআর নং-১০, জি আর নং-১৫৭)। এ মামলায় তার বিরুদ্ধে দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারায় অভিযোগ রয়েছে।

ওসি জালাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, দেশের বিভিন্ন এলাকায় চুরি ও ডাকাতিসহ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা