রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। পরে চিকিৎসা শেষে তিনি বাসায় ফিরেছেন। অসুস্থতার খবরে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার খোঁজখবর নেন।
শনিবার (১৯ জুলাই) রাত ১১টার দিকে নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এসব তথ্য জানান ডা. শফিকুর রহমান। সেখানে তিনি জানান, বর্তমানে তিনি অনেকটাই সুস্থ এবং বিশ্রামের জন্য হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন।
স্ট্যাটাসে তিনি লেখেন, “আলহামদুলিল্লাহ, এখন অনেকটা ভালো আছি। প্রয়োজনীয় চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার পর বিশ্রামের জন্য বাসায় ফিরে এসেছি। সমাবেশে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় যে বিঘ্ন ঘটেছে, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। এটি ইচ্ছাকৃত নয়, নিশ্চয়ই আল্লাহ এর মধ্যে কোনো হিকমত রেখেছেন।”
তিনি আরও জানান, অসুস্থতার পর বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছাড়াও দেশ-বিদেশের অসংখ্য ব্যক্তি ও সংগঠন তার খোঁজ নিয়েছেন এবং দোয়া করেছেন।
হাসপাতালে অবস্থানকালে দেখা করতে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুস আহমদসহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ।
এছাড়াও খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, এনসিপি, জমিয়তে উলামায়ে ইসলামসহ ইসলামপন্থি সংগঠনের নেতারা এবং সরকারের কিছু উপদেষ্টাও তার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন বলে জানান তিনি।
শেষে তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “দেশ-বিদেশে যারা খোঁজ নিয়েছেন, দোয়া করেছেন – সকলের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি কৃতজ্ঞ। মহান আল্লাহ যেন এই ভালোবাসার উত্তম প্রতিদান দেন এবং আমাকে মানবতার কল্যাণে কাজ করে যাওয়ার তাওফিক দান করেন। আমিন।”