প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

গরমে অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান জামায়াত আমীর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৫

সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ করে পড়ে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। আজ শনিবার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে এই ঘটনা ঘটে। তিনি প্রথমবার মঞ্চে পড়ে যাওয়ার পর পুনরায় উঠে দাঁড়িয়ে বক্তব্য দিতে গিয়ে আবারও পড়ে যান। পরে স্টেজে শুয়ে পড়েন জামায়াত আমীর।

স্টেজ থেকে চিকিৎসকের বরাত দিয়ে জানানো হয়, তার পক্ষে আর বক্তব্য দেওয়া নিরাপদ নয়। তবে ডা. শফিকুর রহমান এরপরও বসে থেকেই বক্তব্য দেওয়া শুরু করেন।

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, প্রচণ্ড গরমের কারণে আমীরে জামায়াত সাময়িক অসুস্থ হয়ে পড়েছেন। “চিন্তার কিছু নেই, তিনি এখন ভালো আছেন,” বলেন তিনি।

জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরও একই তথ্য দিয়ে বলেন, “চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত গরমেই তার শরীর দুর্বল হয়ে পড়ে।”

পরে জামায়াত আমীর বসে থেকেই বক্তৃতা চালিয়ে যান। এ সময় পাশের স্বেচ্ছাসেবকরা তার সহায়তায় এগিয়ে আসেন এবং চিকিৎসকেরা পর্যবেক্ষণ চালিয়ে যান।

বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, “আপনারা অনেক কষ্ট করে বসে আছেন, তাই আমি বসে থেকেও আপনাদের সঙ্গে কথা বলতে চাই। আল্লাহ তায়ালা আমাকে যতটুকু সময় দিয়েছেন, ততটুকুই আমি কথা বলব।”

তিনি আরও ঘোষণা দেন, “আমরা যদি আগামীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই, তাহলে জামায়াতে ইসলামীর কোনো সংসদ সদস্য প্লট বরাদ্দ নেবেন না, সরকারি অর্থেও হাত দেবেন না।”

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা