প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জামায়াতের জাতীয় সমাবেশ কাল, সোহরাওয়ার্দী উদ্যানে নেতাকর্মীদের ঢল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল (১৯ জুলাই) শনিবার। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এ সমাবেশ সফল করতে ইতোমধ্যেই ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে দলটি। দেশের নানা প্রান্ত থেকে দলটির নেতাকর্মীরা ঢাকায় পৌঁছাতে শুরু করেছেন।

শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যার পর থেকেই সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকায় দেখা গেছে নেতাকর্মীদের সরব উপস্থিতি। অনেকেই রাতের আগেই সমাবেশস্থলে এসে অবস্থান নিয়েছেন। সন্ধ্যায় উদ্যানের মাঠেই মাগরিবের নামাজ আদায় করতে দেখা যায় অংশগ্রহণকারীদের।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, শাহবাগ, টিএসসি, দোয়েল চত্বর, কাকরাইল ও মৎসভবন এলাকায় ছোট ছোট দলে বিভক্ত হয়ে জামায়াতের নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানের দিকে অগ্রসর হচ্ছেন। কারো হাতে ছিল দলীয় প্রতীক দাঁড়িপাল্লা। অনেকের গায়ে ছিল সাদা গেঞ্জি, যেখানে লেখা—‘তারুণ্যের প্রথম ভোট, জামায়াতের পক্ষে হোক’ এবং ‘দাঁড়িপাল্লায় ভোট দিন’।

বরিশাল থেকে আগত একদল নেতাকর্মী জানান, “সমাবেশ শুরু হবে কাল সকাল থেকেই। যানজট ও সময় বাঁচাতে আমরা একদিন আগেই চলে এসেছি।”

সমাবেশ পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত স্বেচ্ছাসেবকদের মধ্যেও রয়েছে স্পষ্ট বিভাজন ও কর্মতৎপরতা। স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্বে থাকা ছাত্রশিবির নেতা আমজাদ হোসেন বলেন, “শিবিরের নেতাদের মধ্যে থেকে স্বেচ্ছাসেবক ঠিক করা হয়েছে। রাতভর আমরা এখানে থাকব। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত নেতাকর্মীদের দেখভালের দায়িত্ব আমাদের ভাগ করে দেওয়া হয়েছে।”

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, শান্তিপূর্ণভাবে সমাবেশ অনুষ্ঠিত করতে তারা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা