আগামীকাল শনিবার ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সমাবেশে নেতাকর্মীদের আনতে চার জোড়া বিশেষ ট্রেন ভাড়া করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ লক্ষ্যে বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় অনুমোদন ও ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের চিঠি পাঠানো হয়েছে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের ডেপুটি চিফ সুপারিনটেনডেন্ট-১ আরফিন নাহার বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক বরাবর পাঠানো চিঠিতে চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম, রাজশাহী-ঢাকা-রাজশাহী, সিরাজগঞ্জ-ঢাকা-সিরাজগঞ্জ এবং ঢাকা-ময়মনসিংহ-ঢাকা রুটে একটি করে বিশেষ ট্রেন পরিচালনার প্রস্তাব দেওয়া হয়। এ সকল ট্রেন চলবে একবার করে এবং যাত্রী পরিবহন শেষে পুনরায় নিজ নিজ গন্তব্যে ফিরে যাবে।
বিশেষ ট্রেনগুলোর মধ্যে রাজশাহী-ঢাকা রুটে একটি ট্রেন ১৯ জুলাই শুক্রবার দিবাগত রাত ১টায় রাজশাহী থেকে ছেড়ে সকাল ৬টায় ঢাকায় পৌঁছাবে। সমাবেশ শেষে শনিবার রাত ৮টায় ঢাকায় ছেড়ে রাত ১টা ১৫ মিনিটে রাজশাহী পৌঁছাবে। ট্রেনটি রাজশাহী বিশ্ববিদ্যালয়, হরিয়ান ও সরদহরোড স্টেশনে যাত্রাবিরতি করবে।
অন্যদিকে সিরাজগঞ্জ-ঢাকা-সিরাজগঞ্জ রুটে ৭৭৫/৭৭৬ নম্বর ট্রেনটি শনিবার সকাল ৬টায় সিরাজগঞ্জবাজার থেকে ছেড়ে সকাল সাড়ে ৯টায় ঢাকায় পৌঁছাবে। সমাবেশ শেষে রাত ১১টা ৫৫ মিনিটে ট্রেনটি ঢাকায় ছেড়ে ভোর ৩টা ৩০ মিনিটে সিরাজগঞ্জবাজার পৌঁছাবে। এই তথ্য পৃথক একটি চিঠিতে নিশ্চিত করা হয়েছে।চট্টগ্রাম রুটের ট্রেন শুক্রবার রাতে চট্টগ্রাম থেকে ছেড়ে শনিবার সকালে ঢাকায় পৌঁছাবে এবং সমাবেশ শেষে রাতে ছেড়ে রোববার সকালে চট্টগ্রামে পৌঁছাবে। ঢাকা-ময়মনসিংহ-ঢাকা রুটেও এক জোড়া স্পেশাল ট্রেন পরিচালনার প্রস্তাব যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন পেয়েছে বলে জানানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, এসব বিশেষ ট্রেন প্রচলিত নিয়ম অনুসারে অগ্রিম ভাড়া, সার্ভিস চার্জ ও অন্যান্য পাওনা পরিশোধ সাপেক্ষে পরিচালিত হবে। পশ্চিমাঞ্চল রেলওয়ের সিএমই (রাজশাহী) দপ্তরের মতামতও চিঠিতে যুক্ত করা হয়েছে।
এই সমাবেশকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্যাপক প্রস্তুতি নিয়েছে। দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, সমাবেশে কয়েক লাখ মানুষের উপস্থিতি হবে।