প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সূত্রাপুরে অগ্নি দগ্ধের ঘটনায় একই পরিবারের পাঁচ জনের মৃত্যূ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৫

রাজধানীর সূত্রাপুরে গ্যাস লিকেজ থেকে আগুনে দগ্ধ একই পরিবারের পাঁচ জনের সবাই মারা গেছেন।

সর্বশেষ বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে জাতীয় বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পরিবারের কর্তা রিপন পেদা (৩৫)।

এর আগে তার তিন সন্তান- আয়েশা (১), রোকন পেদা (১৪) ও তামিম পেদা (১৬) জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এছাড়া স্ত্রী চাদনীও (২৮) দগ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় পুরো পরিবারই নিঃশেষ হয়ে গেলো। পরিবারটির বাড়ি পটুয়াখালী জেলার রাঙাবালি উপজেলায়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, সর্বশেষ মারা যাওয়া রিপন পেদার শরীরের প্রায় ৬০ শতাংশ দগ্ধ ছিল।

গত ১১ জুলাই দিবাগত রাত ১টার দিকে সূত্রাপুর কাগজি টোলা এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে তিন সন্তানসহ স্বামী-স্ত্রী দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এরপর এক সপ্তাহের ব্যবধানে একে একে পরিবারের সবাই না ফেরার দেশে চলে গেলেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা