পিরোজপুরের মঠবাড়িয়ায় ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে মো. মুবিন (২৩) নামের একজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে বুধবার (১৬ জুলাই) গভীর রাতে উপজেলার নিউ মার্কেট এলাকায় সংঘর্ষের এ ঘটনা ঘটে।
ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন মঠবাড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।নিহত মুবিন মঠবাড়িয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মো. মহারাজের ছেলে। তিনি ছাত্রদলের সক্রিয় একজন কর্মী ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, রাত ১২টার পর মঠবাড়িয়া পৌর শহরের নিউ মার্কেট এলাকায় প্রিন্স হোটেলের সামনে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে ছাত্রদল কর্মী রনি (২০), ফাহাদ (১৮), তানজিল (১৮)সহ ৬-৭ জন একত্রিত হয়ে প্রতিপক্ষ গ্রুপের কর্মী শামীম (২৩) ও মুবিনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।
স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে প্রথমে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাদের ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে মুবিন মারা যান।
স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষে জড়িত ছাত্রদলের উভয় গ্রুপই মঠবাড়িয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শামীম মিয়া মৃধার অনুসারী।
এ বিষয়ে মঠবাড়িয়া থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, “পূর্ব শত্রুতার জেরে এ সংঘর্ষ ঘটে। ঘটনায় একজন নিহত হয়েছেন। মামলার প্রক্রিয়া চলছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”