গোপালগঞ্জে সংঘটিত ঘটনায় যারা অন্যায় করেছেন, তাদের সবাইকে গ্রেপ্তার করা হবে এবং কাউকে কোনো ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গোয়েন্দা সংস্থার কাছে গোপালগঞ্জে এ ধরনের ঘটনা ঘটার তথ্য ছিল, তবে এত বড় পরিমাণে ঘটবে সে বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।
লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম বলেন, “এনসিপির নেতারা অভিযোগ করেছেন যে আইন-শৃঙ্খলা বাহিনী শৃঙ্খলা রক্ষা করতে পারেনি, এই বিষয়ে আমি বলতে চাই, বিভিন্ন পক্ষের বক্তব্য থাকে, তা প্রত্যেকেই তাদের দৃষ্টিকোণ থেকে ব্যক্ত করবেন।”
তিনি আরও জানান, “আমরা কালকেও সংশ্লিষ্ট স্থানে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে, সে জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”
অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের বিষয়েও স্বরাষ্ট্র উপদেষ্টা স্পষ্ট করে বলেন, “যারা অন্যায় করেছেন, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে, কাউকে ছাড় দেওয়া হবে না।”