জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের গাড়িবহরে হামলার পর গোপালগঞ্জ পরিণত হয়েছে রণক্ষেত্রে। সমাবেশ শেষে ফেরার পথে লঞ্চঘাট এলাকায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা সড়ক অবরোধ করে বহরে হামলা চালায়।
বুধবার (১৬ জুলাই) দুপুর ২টা ৪৫ মিনিটে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা।হামলা ঠেকাতে গেলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়ায় হামলাকারীরা। একপর্যায়ে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী এবং চার প্লাটুন বিজিবি পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামে।বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো ক্ষুদেবার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
সংঘর্ষের সময় পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে হামলাকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।
গাড়িবহর লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ এবং ভাঙচুর চালানো হয়।বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলে থাকা সেনা-পুলিশ সদস্যদের এনসিপি নেতাকর্মীদের নিরাপদে সরিয়ে নিতে পিছু হটতে দেখা যায়।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চলতি জুলাই মাসজুড়ে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে। ইতোমধ্যেই দেশের বিভিন্ন জেলায় শান্তিপূর্ণভাবে কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। তবে গোপালগঞ্জে সমাবেশ ঘিরে শুরু থেকেই উত্তেজনা বিরাজ করছিল।পুরো গোপালগঞ্জ শহরে অতিরিক্ত পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন রয়েছে। শহরের বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসানো হয়েছে।