গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সমাবেশে হামলা, সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার পর ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। বুধবার (১৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে গোপালগঞ্জ শহরের পৌর পার্ক এলাকায় এই উত্তেজনাকর ঘটনা ঘটে।
জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাংবাদিকদের জানান, “পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই শহরের নির্দিষ্ট এলাকাজুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে।”
সমাবেশ শেষ হতেই একদল লোক চারদিক থেকে এনসিপি নেতাকর্মীদের ঘিরে ধরে হামলার চেষ্টা করে।
এ সময় পুলিশের গাড়িও আটকে রাখা হয়। পুলিশ ও সেনাবাহিনী সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
নেতাকর্মীরা গাড়ি ঘুরিয়ে এলাকা ত্যাগ করে।
দুপুর ১:৪৫ মিনিটে লাঠিসোঁটা হাতে প্রায় ২০০-৩০০ জনের একটি দল সমাবেশস্থলে প্রবেশ করে।
পুলিশ সদস্যরা নিরাপত্তা না দিয়ে বরং আদালত চত্বরে গা ঢাকা দেন। মঞ্চে থাকা এনসিপি নেতারা দৌড়ে নিরাপদ আশ্রয় নেন। হামলাকারীরা আওয়ামী লীগের সমর্থক বলে অভিযোগ এনসিপির।
গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. কামরুজ্জামান জানান, “সংঘর্ষ ও নিরাপত্তার বিষয় বিবেচনায় পৌর পার্ক ও আশপাশে ১৪৪ ধারা জারি করা হয়েছে।”